Hashtagintro

মহিলা হোটেলকর্মীকে জাপটে ধরে অশালীন স্পর্শ! প্যারা এশিয়াডে শাস্তির মুখে ভারতীয় সাঁতারু

প্যারা এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে মহিলা হোটেলকর্মীকে যৌন হেনস্তা করলেন ভারতীয় প্যারা সাঁতারু! গোটা ঘটনায় মুখ পুড়েছে ভারতীয় অ্যাথলিটদের। ইতিমধ্যেই জাপান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ওই সাঁতারুকে। তাঁকে আজীবন নির্বাসিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ।

অভিযুক্ত সাঁতারুর নাম মহম্মদ শামস আলম শেখ। ৪০ বছর বয়সি মহম্মদ অতীতে বিশ্বর‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছিলেন। এশিয়ান গেমসে সোনাও জিতেছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি প্যারা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু তার আগেই যৌন হেনস্তায় অভিযুক্ত হয়েছেন মহম্মদ। সূত্রের খবর, আইচি নাগোয়ায় যে হোটেলে ভারতীয় সাঁতারুরা ছিলেন, সেখানেই এক মহিলা হোটেলকর্মীকে হেনস্তা করেন মহম্মদ। ওই কর্মী ঘরে ঢুকে নিজের কাজ করছিলেন। সেসময়েই অশালীন আচরণ করেন মহম্মদ। জানা গিয়েছে, ওই মহিলা কর্মীকে জোর করে জাপটে ধরেছিলেন তিনি। অশালীনভাবে স্পর্শও করেন। কোনওমতে ঘর থেকে পালিয়ে যান ওই হোটেলকর্মী। 

সঙ্গে সঙ্গে ভারতীয় কন্টিনজেন্ট এবং প্যারা এশিয়ান গেমসের আয়োজকদের কাছে অভিযোগ জানানো হয়। মহম্মদকে আটক করে জাপানের পুলিশ। দিনদুয়েক আগে তাঁকে জাপান থেকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। প্যারা এশিয়াডে নামার আগেই মহম্মদকে ফিরতে হল দেশে। এহেন ঘৃণ্য কাজের জন্য মহম্মদকে বড়সড় শাস্তি দেওয়ার কথা ভাবছে ভারতের প্যারালিম্পিক কমিটি। আজীবন নির্বাসিত করা হতে পারে মহম্মদকে। তবে এখনও কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই ইস্যুতে।

উল্লেখ্য, ১০০ মিটার বাটারফ্লাই এস৫ এবং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক এসবি৪ বিভাগে একটা সময়ে বিশ্বসেরা সাঁতারু ছিলেন মহম্মদ। ২০১৮ সালে জাকার্তার প্যারা এশিয়ান গেমসে জোড়া সোনা জিতেছিলেন। গতবছর আন্তর্জাতিক গেমসেও এশিয়ান রেকর্ড গড়ে সোনা জেতেন। চলতি প্যারা এশিয়াডে সোনাজয়ের হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু যৌন হেনস্তার অভিযোগে বিদ্ধ হয়ে পুলে নামতেই পারলেন না মহম্মদ। প্রতিযোগিতার আসরে মুখ পুড়ল ভারতেরও। গোটা ঘটনায় ক্ষমাও চেয়েছে ভারতীয় দল। 

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language