Hashtagintro

মিটল অতীতের বিবাদ! সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩ ফুটবলার ছাড়ছে মোহনবাগান

ফিফা উইন্ডোতে নেই। তবুও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তিন ফুটবলারকে ছাড়ছে মোহনবাগান। তিন ফুটবলার হলেন সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও প্রিয়াংশ দুবে। দেশের স্বার্থের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত সবুজ-মেরুনের। অতীতে ফিফা উইন্ডোর মধ্যে টুর্নামেন্ট না থাকায় ফুটবলার ছাড়েনি গোষ্ঠ পাল সরণির ক্লাব। এর মধ্যে অন্যতম ছিল ইউনিটি কাপ। এবার অন্য সিদ্ধান্ত মোহনবাগানের। 

৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। মোট ছ’টি দেশ অংশ নেবে প্রতিযোগিতায়। তিনটি করে দল দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আয়োজক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞা না ওঠায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না নেপাল।

প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ন’বারের চ্যাম্পিয়ন ভারতের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। ফিফা উইন্ডোর মধ্যে না থাকা এই প্রতিযোগিতায় মোহনবাগান-সহ ভারতের অন্যান্য ক্লাবগুলি ফুটবলার ছাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তাছাড়াও ভারতীয় ফুটবলে এখন ভরা মরশুম। ফলে এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৩ দল পাঠানো যায় কি না, তা খতিয়ে দেখছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, ৩১ অক্টোবর তিন সবুজ-মেরুন ফুটবলার জাতীয় শিবিরে যোগ দেবেন। 

ক্লাবের যুক্তি ছিল, যদি কোনও ফুটবলার চোট পান, তাহলে চিকিৎসার পুরো দায়ভার ক্লাবের উপরেই পড়ে। সেই ঝুঁকি নিতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর ফেডারেশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। তাতে ফেডারেশন ফুটবলারদের পাশে দাঁড়াতেই সমস্যা মেটে। উল্লেখ্য, ৯ থেকে ১৭ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ফিফা উইন্ডো রয়েছে। এই সময়ে ভারতের সিনিয়র ফুটবল দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টো প্রীতি ম্যাচ খেলবে ১২ ও ১৫ নভেম্বর। দু’টি ম্যাচ হবে অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে। প্রায় ওই সময়ের মধ্যেই ‘ব্লু টাইগার্স’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে। ৫ নভেম্বর পাকিস্তান ও ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। এখন দেখার সাফ চ্যাম্পিয়নশিপ এবং নিউজিল্যান্ডের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচের জন্য কোন দল ঘোষণা করে ভারত। তবে মনে করা হচ্ছে, নিউজিল্যান্ডে খেলা থাকায় সাফে সিনিয়র দলের অংশগ্রহণের সম্ভাবনা কম।

উল্লেখ্য, ভারত এর আগেও সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে। ২০০৯ সালে। সেই সময় কোচ ছিলেন সুখবিন্দর সিং। সেবছরও বাংলাদেশে হয়েছিল এই টুর্নামেন্ট। মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারও শিরোপা রক্ষায় নামবে ভারত।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language