সাংগঠনিক পদে থেকে যারা কাজ করছেন না, বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাদেরকে সরিয়ে দিয়ে অন্যকে বসানো হবে। সোমবার পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিনে বাঘমুণ্ডি মণ্ডল ১-এর উদ্যোগে বিজয়া সম্মিলনীতে এই কড়া বার্তা দেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো।
এই সম্মেলন থেকে তিনি জানিয়ে দেন, জেলার ১৭০ টি গ্রাম পঞ্চায়েতই বিজেপি দখল করবে। ট্রিপল ইঞ্জিনের লক্ষ্যে এই জেলায় রাজ্যে পালাবদলের সময় থেকেই বিভিন্ন মণ্ডলে বৈঠকের মধ্য দিয়ে এই লক্ষ্যকে সফল করতে কাজ করে যাচ্ছেন জেলা সভাপতি। এই বিজয়া সম্মিলনী থেকেই বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো বলেন, “ঝালদা সহ পুরুলিয়ার তিনটে পুরসভা বিজেপি দখল করবে।” বিজেপির জেলা সভাপতি থেকে বিধায়ক নাম না করে ঝালদার বাসিন্দা তথা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি নেপাল মাহাতোকে আক্রমণ করেন। জেলা সভাপতি বলেন, “কেউ কেউ দিবাস্বপ্ন দেখছেন। বলছেন ঝালদাকে গেরুয়া হতে দেবেন না। তৃণমূল আর কিছু নেই। সিপিএম সাইনবোর্ড। কংগ্রেস টিমটিম করে জ্বলছে। বিরোধী বলে কিছু নেই।”
তারপরই জেলা সভাপতি বিভিন্ন রাজ্যের নাম উল্লেখ করে সেখানে কত বছর কংগ্রেস ক্ষমতায় আসেনি তা তুলে ধরেন। বাঘমুণ্ডির বিধায়ক বলেন, “কেউ কেউ হাই কোর্টে গিয়ে রাজনীতি করেন। মাঠে থাকেননি। এই রাজনীতিকে মানুষ আর পছন্দ করছেন না।” এদিন জেলা সভাপতি বলেন, “দলের কিছু নেতা-কর্মীরা বলছেন, আমরা কতদিন ধরে বিজেপি করছি কিন্তু আমাদের কোন ভ্যালু নেই। আমাদের দল সবাইকে নিয়ে চলে। সাংগঠনিকগতভাবে যে ভালো কাজ করবেন তিনি সামনে এসে নেতৃত্ব দেবেন। এটাই দলের বিধি।”
