তিনি এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় রয়েছেন দু’নম্বরে। টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটানো সেই মুকেশ আম্বানির চোখে জল! জিও প্ল্যাটফর্মসের তালিকাভুক্তির অনুষ্ঠানে দর্শকাসনে বসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে দেখা গেল চোখ মুছতে। কিন্তু কেন?
আসলে ছেলে অনন্ত ও মেয়ে ঈশা ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তাঁদের বক্তব্য রাখার সময়ই কেঁদে ফেলেন মুকেশ। অনন্তকে বলতে শোনা যায়, ”আপনি জিও তৈরি করেছেন। আপনার স্বপ্নকে পূর্ণ করাই আমাদের স্বপ্ন।” তিনি আরও বলেন, ”জিওকে গোটা দেশ দেশ আশীর্বাদ করেছে। মা বলেছে, জিও মেরে লাল। ঠাকুমা বলেছে, যুগ যুগ জিও। আর বন্ধুরা বলেছে জিও ইয়ার (বন্ধু)।” এই সব কথা শুনতে শুনতে মুকেশ আম্বানি আক্ষরিক অর্থেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
#WATCH | Mumbai | Executive Director of Reliance Retail Ventures Limited, Isha Ambani honours her father and Reliance Industries Limited Chairman and Managing Director Mukesh Ambani, at the listing ceremony of Jio Platforms Limited (Video source: Jio Platforms) https://t.co/O4L72t5oTM
— ANI (@ANI) October 28, 2026
পরে ঈশা আম্বানি বলেন, ”বলতে চাই আমার বাবা শ্রী মুকেশভাই আম্বানির কথা। উনি এমন এক ভবিষ্যৎ দেখেতে পেয়েছিলেন যা অন্যরা তখনও দেখতে পাননি। বারবারই তিনি এমন কিছু গড়ে তোলার সাহস দেখিয়েছেন, যাকে অন্যরা ‘অসম্ভব’ বলে অভিহিত করেছেন। আর বারবারই, কোটি কোটি ভারতীয় তাঁর দূরদৃষ্টির মধ্যে খুঁজে পেয়েছেন নতুন সম্ভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা। ভিন্ন ভিন্ন শিল্পক্ষেত্র, ভিন্ন ভিন্ন দশক— তবু ভারতের প্রতি তাঁর সেই অটল বিশ্বাস একই রয়ে গিয়েছে। তাঁর অবিচল প্রত্যয়, আমাদের সেরা সময় এখনও আসা বাকি। এ তো কেবল সূচনা মাত্র। বাবা, তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্যই আজ আমরা এখানে।” তাঁর কথায় উঠে আসে ঠাকুর্দা ধীরুভাই আম্বানির কথাও। ছেলেমেয়ের মুখে এমন কথা শুনে নিজের আবেগকে আর লুকোতে পারেননি। তাঁকে দেখা যায় কাঁদতে। হাততালি দিতে তাঁর সেই কান্না ভাইরাল হয়ে গিয়েছে।
