আর মাত্র এক সপ্তাহ, তারপরই বড় পর্দায় মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ৪০০ কোটির মেগাবাজেট মহাকাব্য ‘রামায়ণ’। সিনেমার প্রচারে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এসেছিলেন পর্দার সীতা তথা সাই পল্লবী (Sai Pallavi)। সঙ্গে ছিলেন রবি দুবে। সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণী অভিনেত্রীর ব্য়ক্তিগতজীবন নিয়েও প্রশ্ন করেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। বিগ বি ‘সীতা’ ওরফে সাই পল্লবীর কাছে জানতে চান, বাস্তবে কেমন জীবনসঙ্গী চান? তাঁর মধ্যে কোন কোন গুণ থাকা প্রয়োজন?
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এক গাল হেসে বলেন, ভালো মানুষ তো হতেই হবে, স্বার্থপর হওয়া চলবে না। সেই সঙ্গে লাজুক হেসে আরও একটি মনের ইচ্ছের কথা বলেন। পল্লবীর কথায়, “সবার আগে তাঁকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাঁকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন তা হলে তো পোয়া বারো!”
View this post on Instagram
সাই পল্লবীর এই বক্তব্য থেকেই স্পষ্ট, সম্পর্কের ক্ষেত্রে তাঁর কাছে বাহ্যিক সৌন্দর্য বা জাঁকজমকের চেয়ে একজন মানুষের স্বভাব, মানসিকতা এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর এই সহজ-সরল অথচ স্পষ্ট পছন্দকে সাধুবাদ জনিয়ছেন অনুরাগীর। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে পল্লবীর শর্তাবলী শুনে মৃদু হাসেন অমিতাভ। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেও কেন অভিনয়ে আসেন, সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল সেই কথাও জানান অভিনেত্রী।