দুর্নীতির অভিযোগে বিদ্ধ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের আস্থা ফেরাতে মরিয়া। দ্রুত ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরানো শুরু করল সংস্থাটি। প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর পিআই-১ শাখার কর্মীদের বিরুদ্ধে। ৪৮ ঘণ্টার মধ্যে ৪৩ লক্ষ টাকা ফেরত দিল ব্যাঙ্ক। সেই সঙ্গে পিএনবির তরফে জানানো হয়েছে, অবিলম্বে যোগ্য গ্রাহকদের টাকা ফেরানো হবে।
দিন দুই আগে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি ব্রাঞ্চে গ্রাহকদের কোটি কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ব্যাঙ্কের কর্মীরা একাধিক গ্রাহকের ফিক্সড ডিপোজিট শেষ হওয়ার আগেই সেই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। চমকপ্রদ বিষয় হল, গ্রাহকরা জানতেই পারেননি তাঁদের অ্যাকাউন্ট থেকে রাতারাতি সব টাকা উধাও হয়ে গিয়েছে।
প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে ওই দুর্নীতি শুরু করেছেন ব্যাঙ্ক কর্মীরা। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বহু কৃষক, ছোট ব্যবসায়ীর অ্যাকাউন্ট ছিল ওই ব্যাঙ্কে। গ্রাহকদের অভিযোগ, তাঁরা কোনওরকম এসএমএস পাননি। কোনও সম্মতিপত্রে সই করেননি। নিজেরা টাকা তোলেননি। অথচ তাঁদের সর্বস্ব খোয়া গিয়েছে।
অভিযোগ সামনে আসার পরই ব্যাঙ্কের রিজিওনাল অফিস ব্রাঞ্চ ম্যানেজার-সহ সব কর্মীকে সাসপেন্ড করে দেয় পিএনবি। ব্রাঞ্চে নতুন কর্মীও নিয়োগ করা হয়। তারপরই যুদ্ধকালীন ততপরতায় শুরু হয় টাকা ফেরানোর কাজ। ব্যাঙ্ক জানিয়েছে, এ পর্যন্ত মোট ৩ জন গ্রাহকের ৪৩ লক্ষ টাকা ফেরানো হয়েছে। ব্যাঙ্ক আর যে যে গ্রাহকের অভিযোগ পেয়েছে, সব গ্রাহকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যোগ্য গ্রাহকেরা প্রত্যেকে টাকা ফেরত পাবেন।
Source: Sangbad Pratidin India (Bengali)
