Hashtagintro

প্রবল তুষারপাতে বিপত্তি, নেপালে আটকে ৪ বাঙালি-সহ ছয় ভারতীয়, চলছে উদ্ধার অভিযান

প্রবল তুষারপাতে বিপত্তি। নেপালের সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে পড়লেন ৪ বাঙালি-সহ ৬ জন ভারতীয় পর্যটক। তাঁদের উদ্ধার করতে সবরকম চেষ্টা করছেন নিরাপত্তাকর্মীরা। নেপাল প্রশাসন সূত্রে খবর, শনিবার থেকে সেখানে আটকে রয়েছেন ছয় ভারতীয়।

দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, পর্যটকরা সে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন। যা ৩ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। যাবার সময়েই ভারী তুষারে ঢাকা ছিল গোটা এলাকা। পরেও অব্যাহত থাকে তুষারপাত। এর জেরেই দুই মহিলা-সহ ৬ ভারতীয় পর্যটক আটকে পড়েন। জানা গিয়েছে, নিরাপত্তাকর্মী এবং স্থানীয় নেপালি পথপ্রদর্শকরা (গাইড) পর্যটকদের যেতে বারণ করেছিলেন। সেই বারণ উপেক্ষা করেও তাঁরা ধো এলাকায় যান।

উদ্ধারকাজ নিয়ে দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল বলেন, “আমরা তাদের আটকে পড়ার এলাকাটি চিহ্নিত করেছি। পর্যটকদের উদ্ধারের জন্য একটি সেনা হেলিকপ্টার আসছে। আশা করি শীঘ্রই তাঁদের উদ্ধার করতে পারব।” আরও জানান, পর্যটকরা গাইডকে ছাড়াই ভারী তুষারপাতের মধ্যে হ্রদ এলাকার দিকে এগিয়ে গিয়েছিলেন। শনিবার রাতে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনই ওই ৬ ভারতীয় পর্যটককে নিখোঁজ বলতে রাজি নন জুনু ধাকাল।

নেপাল প্রশাসন সূত্রে সামনে এসেছে আটক পর্যটকদের পরিচয়। তাঁদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিং, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে। কঠিন প্রাকৃতিক পরিস্থিতির মধ্যেও সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে পড়া ভারতীয় পর্যটকদের উদ্ধার অভিযান চালাচ্ছে বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language