‘বিগ বস বাংলা’য় যে চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। শোনা যাচ্ছিল, নন্দিনী দত্ত দর্শকদের ভোটে বাদ পড়লেও ফের তাঁকে ফিরিয়ে আনা হতে পারে দুর্গে। রবিবার দাদার দরবারে মূল দুর্গ থেকে বেরিয়েও যান নন্দিনী। তবে পরের ঘটনায় স্তম্ভিত সকলেই। না, দুর্গ ছেড়ে বেরিয়েও বাড়ি ফিরতে হয়নি নন্দিনীকে। এবার তাঁর ঠিকানা বিগ বসের সিক্রেট রুম। যদিও সেখানে তাঁর ভূমিকাটা ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়।
রবিবারে ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, দর্শকদের ভোটে এবার দুর্গ ছাড়তে হবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে-সহ অন্যান্যরা। তবে খেলার নিয়ম অনুযায়ী, একসময় তো সবাইকেই দুর্গ ছাড়তে হবে। ফলে বাকি প্রতিযোগীদের মতোই এদিনও নন্দিনীকে নিজের কাছে ডেকে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি জানান, বিগত দিনে দুর্গ থেকে বাদ পড়া সকলেই বিগ বসের তরফে উপহার পেয়েছেন। আর নন্দিনীর সঙ্গে দেখা করতে চান খোদ বিগ বস। সঙ্গে সঙ্গেই তাঁকে পাঠিয়েও দেওয়া হয়। এরপরই দেখা যায় চমক।

বিষয়টা ঠিক কী? দুর্গের আশপাশেই একটি সিক্রেট রুমে রাখা হয়েছে নন্দিনীকে। সেখানে রয়েছে একটি ডিসপ্লে, যেখানে প্রতিযোগীদের বিভিন্ন অ্যক্টিভিটি তিনি দেখতে পাবেন। হেডফোনে নির্দেশ পাঠাবেন বিগ বস। কিন্তু সেখানে থেকে নন্দিনীর কাজ ঠিক কী হবে, আবার কী মূল ঘরে ফেরানো হবে, নাকি বাকি সময়টা সিক্রেট রুমে বসেই কোনও টাস্ক সারতে হবে, তা অজানা। ফলে মনে করা হচ্ছে, দর্শকদের ভোটে নয়, সিক্রেট টাস্কের জন্যই দুর্গ থেকে বের করা হল নন্দিনীকে। এবার কোন স্রোতে বইবে খেলা, সেদিকেই নজর সকলের।
