শাহরুখের জন্মদিন ভক্তদের কাছে যেন উৎসবের মরশুম। মন্নতের ছাদে দুহাত বাড়িয়ে আইকনিক পোজে বাদশার কয়েক সেকেণ্ডের উপস্থিতিতেই ঠান্ডা হয় জাবরা ফ্যানেদের কলিজা। সব জল্পনার অবসান ঘটিয়ে সোম সন্ধ্যায় ফিরল সেই চেনা ছবি। শাহরুখ (Shah Rukh Khan) দর্শনে অনুরাগীদের উচ্ছ্বাসে সুরসরি দিলেন সলমন খান (Salman Khan)। ভাইজানের শুভেচ্ছাবার্তায় ফিরল নয়ের দশকের নস্ট্যালজিয়া। খানভাইদের বন্ধুত্বের উষ্ণ মুহূর্ত দেখে আবেগপ্রবণ ভক্তরা।
শাহরুখের জন্মদিনেই মুক্তি পেয়েছে আগামী ছবি ‘কিং’-এর প্রথম গান। সেই গান শেয়ার করেই সতীর্থকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান। তাঁর পোস্টে শুধু জন্মদিনের শুভকামনাই নয়, বরং শার্টলেস শাহরুখের প্রশংসায় মুখরিত সলমন। পুরোদস্তুর রোম্যান্টিক নায়কের মোড়ক ছেড়ে সিক্স প্যাক অ্যাবসে পর্দা কাঁপাতে এখন সিদ্ধহস্ত বলিউডের বাদশা। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো মারকাটারি অ্যাকশনমুখর ছবিতে শাহরুখের ধুঁয়াধার অ্যাকশন সিক্যোয়েন্সে বুঁদ হয়েছিল দর্শক। দোসর শার্টলেস লুক।


বলিউড ইন্ডাস্ট্রিতে শার্টলেস অবতারে সলমনকেই দেখতে অভ্যস্ত ছিল দর্শক। তা সে রোম্যান্টিক গান ‘ও ওহ জানে জানা’-ই হোক বা ‘দাবাং’ স্টাইলে পর্দায় আবির্ভাব। শাহরুখের শার্টলেস লুকে শুধু ভক্তদের হৃদয়েই ঝড় তোলে না, নজর কাড়ে সলমনের মতো সমসাময়িক অভিনেতারও। ‘কিং’-এর সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি শেয়ার করে সলমন ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখকে ট্যাগও করে লেখেন, ‘শুভ জন্মদিন শাহরুখ। চিরকাল এমনই তরুণ থেকো, দ্য কিং। এটাই আমার প্রার্থনা।’

কিং খানের শার্টলেস লুককে সলমনের সার্টিফিকেট, ‘আমি তো বলেই ছিলাম শাহরুখ ছাড়া স্ক্রিনে শার্টলেস লুক আর কাউকে ভালো মানায় না। দারুণ গান, ভীষণ প্রাণবন্ত লাগছে। এই মানুষটা যেভাবে ষাট বছরেও পর্দা কাঁপাচ্ছেন আমাদের প্রত্যেকের অনুসরণ করা উচিত। ডুমস ডে, ইটস ডান ব্রো। মজা হবে।’ জন্মদিনের শুভেচ্ছাবার্তা আর শার্টলেস লুকের তারিফের মধ্যেই ‘কিং’-এর ভবিষ্যদ্বাণীটাও করে ফেললেন ভাইজান। সলমনের এই শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন শাহরুখ। বন্ধুর পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘আপনি বলেছিলেন শার্টলেস অবতারে আমাকে ভালো লাগে। তাই সেই কথাটা মাথায় রেখেই এত পরিশ্রম করেছি। ভালোবাসি ভাই, সবসময়।’
