Hashtagintro

‘প্রতিবাদের নামে জায়গা দখল করা যায় না’, জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে বড় বার্তা সুপ্রিম কোর্টের

প্রতিবাদের নামে অনির্দিষ্টকালের জন্য জায়গা দখল করে রাখা যায় না। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলা একাধিক বিক্ষোভ (Delhi Protests) সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত স্থানগুলিতে কর্মসূচি পালনেরও একটি নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে তাঁর ইস্তফার দাবিতে দিল্লিতে পথে নেমেছে বিরোধী দলগুলি-সহ বিভিন্ন সংগঠন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। গত মাসে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এরপর গত রবিবার রামলীলা ময়দানে সমাবেশ করে বিরোধী জোট ইন্ডিয়া। লাগাতার বিক্ষোভ-প্রতিবাদের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির ব্যবসায়ীরা। তাঁদের দাবি, উৎসবের মরশুমে বিক্ষোভের জেরে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এদিন শীর্ষ আদালতে সেই প্রসঙ্গও উঠে আসে। 

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা চিরকালের জন্য কোনও জায়গা দখল করে রাখতে পারেন না। আরও অন্যান্য প্রতিবাদীরাও রয়েছেন। তাহলে কৃষকরা বা আইনজীবীরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে।” উৎসবের মরশুমে প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার আর্জি জানিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে, তিনি কেন্দ্র সরকারেরও জবাব তলব করেছেন। অন্যদিকে, কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, “যাঁরা প্রতিবাদের ডাক দেন, কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনও পরিণতির দায়ভারও তাঁদেরই নিতে হবে।” তিনি জানান, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের অনুমতি কেবল এক দিনের জন্যই দেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা সেই জায়গাটি দখল করে নেন, এমনকী সংসদের দিকে মিছিলও করে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language