কালীপুজো কেটেছে নির্বিঘ্নে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়নি। এবার ভাইফোঁটায় কি কাঁটা হতে চলেছে বৃষ্টি? তেমন পূর্বাভাসই দিচ্ছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধ, দু’দিনই কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে এবং দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণপূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশা থাকবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় দমকা বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ -সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সমতলের তিন জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরের কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে।
কলকাতায় আজ ও আগামিকাল বৃষ্টির সামান্য সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে তাপমাত্রা ফের কমতে পারে। মনোরম আবহাওয়ার সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্র। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ।
