গেম জেতা নাকি প্রেমে থাকা? কোনটা আগে? রিয়েলিটি শোয়ে এনিয়ে কারও কারও মনের দ্বিধা কাটছে না এখনও। তার মধ্যেও ব্যতিক্রম রয়েছে। সারাক্ষণ পাশে পাশে থাকা, ভরসা হয়ে ওঠা, দু’বার দু’রকমভাবে প্রেমের প্রস্তাব দেওয়া নতুন ‘প্রেমিক’কে নিজের সৌন্দর্যরক্ষার চেয়েও এগিয়ে রেখেছেন টেলি অভিনেত্রী সৃজলা গুহ। সোমবার বিগ বস বাংলার বাড়ি অন্তত সেই প্রমাণ পেয়ে গেল। শোয়ের অন্যতম উজ্জ্বল প্রতিযোগী জীতু কামালকে নমিনেশন থেকে বাঁচাতে বিগ বসের শর্ত মেনে এককথায় নিজের চুল কেটে ফেললেন সৃজলা! প্রেমপ্রস্তাবে সরাসরি ‘হ্যাঁ’ না বলার চেয়েও বোধহয় জোরাল এই আত্মত্যাগ। তবে পছন্দের হাউসমেটদের বাদ যাওয়া থেকে রক্ষা থেকে নিরঞ্জন মণ্ডল, রনিতা দাস, মনামী ঘোষদের টাস্কও ছিল নজরকাড়া।
সোমবারের পর্বে বিগ বসের বাড়িতে দেখা গিয়েছে অভিনব এক নমিনেশন প্রক্রিয়া। নস্ট্যালজিয়া উসকে গার্ডেনে বসানো হয়েছে এসটিডি বুথ। সেখানে ফোন করছেন খোদ বিগ বস। বুথের ডিসপ্লে-তে দেখা যাচ্ছে একেকজন প্রতিযোগীর নাম। তাঁরা ফোন ধরলে জলদগম্ভীর কণ্ঠে বিগ বস জানাচ্ছেন, ওই প্রতিযোগী এই সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে নমিনেটেড। তবে সুরক্ষিত হতে চাইলে মানতে হবে বিগ বসের শর্ত। একজন প্রতিযোগী অপরজনের জন্য নিজেদের স্বার্থত্যাগ করতে কতটা প্রস্তুত, এই পর্বে বকলমে তারই পরীক্ষা হল। নমিনেশন পর্বে জীতু কামালের পালা এলে বিগ বস তাঁকে সুরক্ষিত করার শর্ত হিসেবে জানান, সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। তাতে জীতুই প্রথম আপত্তি জানান। বলেন যে একজন নারীর সৌন্দর্য তাঁর চুল। তা কেটে ফেলার কথা তিনি বলতে পারবেন না। তার চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে থাকতে প্রস্তুত তিনি। তাতে বিগ বস জানান, এটা একটা টাস্ক, জীতুকে চেষ্টা করতেই হবে।

মনে বেশ খানিকটা দোলাচল নিয়েই তিনি সৃজলাকে বিগ বসের বার্তাটি দেন। চুল কাটতে হবে শুনে সৃজলা প্রথমে বিশ্বাস করতে পারেননি। তারপর বিষয়টা স্পষ্ট হতে একমুহূর্ত সময় নষ্ট না করে চুল কাটতে রাজি হয়ে যান অভিনেত্রী। নিজেই কাঁচি চালিয়ে কেটে তাঁর তরঙ্গায়িত চুলের অনেকটা। ছোট চুলে আরও মোহময়ী হয়ে ওঠেন সৃজলা। জীতু-সহ বাকি হাউসমেটরা তো বটেই, সৃজলার নয়া লুকের প্রশংসা করেন খোদ বিগ বসও। পরে জীতু নিজে সৃজলার অপটু হাতে কাটা চুল সেট করে দেন। এরপরও কি উচ্চারণ করে বলে দিতে হবে তাঁর প্রতি সৃজলার কী অনুভূতি?
জীতু-সৃজলার এই সমীকরণের বাইরেও কিন্তু অন্যান্য প্রতিযোগীরা একে অপরকে বাঁচাতে বেশ কঠিন শর্ত মেনে কাজ করেছেন। এর মধ্যে সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া কাজ করেছেন নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন। রনিতা দাশকে সুরক্ষিত করার জন্য তাঁকে দেওয়া বিগ বসের শর্ত ছিল, বাড়ি থেকে আসা স্ক্র্যাপবুকটি আগুনে জ্বালিয়ে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রনিতা কোনওভাবেই নিরঞ্জনকে এই কাজ করতে দিতে চাইছিলেন না। কিন্তু সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিরঞ্জন দু,এক মুহূর্ত ভেবে তাতে রাজি হন। ঘরের ভিতর থেকে স্ক্র্যাপবুকটি আনার সময়ে হাউহাউ করে কেঁদে ফেলেন। তাঁকে জড়িয়ে ধরে শান্ত করেন সৃজলা। নিজেকে সামলে স্মৃতির প্রতীক ওই স্ক্র্যাপবুকটি জ্বালিয়ে দেন। তা দেখে রনিতাও কান্নাকাটি করেন। বাড়ির সকলের চোখ ঝাপসা হয়ে আসে।

এরপর রনিতাকেও অবশ্য বেশ কঠিন একটি টাস্ক করতে হয় মনামী ঘোষকে সুরক্ষিত করার জন্য। মাছের সস, কাসুন্দি কাঁচা ডিমের সঙ্গে মিশিয়ে দাঁত ব্রাশ করার মতো বেশ উৎকট টাস্ক দেওয়া হয়। তা বেশ ভালোভাবেই করেন রনিতা। সকলে তাঁকে বাহবা দেন। কেউ কেউ অবশ্য বিগ বসের শর্ত মানতে পারেননি। তাই এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড সোনামনি সাহা, রাজবীর দে, তনুশ্রী রায় দাস।
