আপনি কি আকাশ দেখতে ভালোবাসেন? তাহলে পূর্ণচন্দ্রের মায়ায় আকাশের অপরূপ শোভা নিশ্চয়ই আপনার বড় প্রিয়! পৃথিবীর যত রূপ-রং, তার চেয়ে বিশেষ কম নয় তার উপগ্রহের অপরিমেয় সৌন্দর্য। চাঁদের অপরূপ রূপ কতশত কাব্যেরই না জন্ম দিয়েছে! বিশেষত পূর্ণিমার গোল থালার মতো চাঁদ। আগামী ২৪ নভেম্বর আবারও পূর্ণিমা। আর সেদিন নাকি আকাশে উঠবে ‘বিভার মুন’।
কিন্তু কী এই ‘বিভার মুন’? ওয়াকিবহাল মহল জানে, এই নামকরণের ঐতিহ্য অন্য জায়গায়। চাঁদের মধ্যে কোনও বিশেষ কিছু দেখা যাবে না। এই নামকরণের নেপথ্যে রয়েছে অন্য বিষয়। যেমন, নভেম্বর জুড়ে উত্তর আমেরিকা ও কানাডার উত্তরাঞ্চলে কনকনে শীত নামার আগে সেখানকার এক ধরনের নিশাচর প্রাণীর প্রজাতিকে দেখা যায়, নিজেদের বাসা তৈরি বা মেরামত করতে। জ্যোৎস্নায় তারা নিজেদের কাজ এগিয়ে রাখে। তাদের নামেই এই চাঁদ হয়ে ওঠে ‘বিভার মুন’। আবার এই সময় শিকারীরা ওই বিভার শিকারও করত। সেটাও একটা কারণ। অঞ্চলভেদে এই চাঁদকে ‘ফ্রস্ট মুন’ও বলে। এদিকে ডিসেম্বরের পূর্ণিমার চাঁদ হবে আরও বড়! সেই চাঁদ ‘কোল্ড মুন’ পৃথিবীর আরও কাছাকাছি আসবে।
তবে চাঁদের এহেন বিশেষ নামকরণ নতুন নয়। বছরের বিভিন্ন সময়ে নানা নামে ডাকা হয় চাঁদকে। ‘উলফ মুন’, ‘স্নো মুন’, ‘ওয়ার্ম মুন’, ‘ফ্লাওয়ার মুন’ এমনই নানাবিধ নামকরণ। আর এই প্রত্যেক নামের নেপথ্যেই রয়েছে নির্দিষ্ট কারণ। তবে নাম যাই থাক, তার মানে এই নয়, যে বিভিন্ন পূর্ণিমায় চাঁদের চেহারা একেক রকম হবে। আকারে কিছুটা তারতম্য থাকলেও আসলে তা সেই চিরচেনা পূর্ণিমার অসামান্য বিভাই ছড়িয়ে দেয়। যে দৃশ্য যুগ যুগ ধরে দেখার পরও নতুন মনে হয়। যুগ যুগ পরেও মনে হবে।
