দীপাবলি ও ধনতেরাসে আতশবাজি পোড়ানোর প্রশংসা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দূষণ উদ্বেগ উড়িয়ে বললেন, “দীপাবলিতে বাজি ফাটানো কোনও বড় বিষয় নয়। এমন দৃশ্য দেখাটা আনন্দদায়ক।” একইসঙ্গে তিনি এ-ও জানিয়েছেন, অন্যান্য সমস্যার মতো এই সমস্যাও মিটে যাবে।
বুধবার লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। তিনি বলেন, “মানুষ যদি একদিন বাজি ফাটায়, তাহলে তাতে দূষণ সৃষ্টি হয়! আর দূষণ হলে তা প্রশমিতও হয়ে যাবে। কোনও সমস্যা নেই। মানুষ যে ধুমধাম করে দীপাবলি পালন করেছেন, বাজি ফাটিয়েছেন, সেটা ভালো। আমরা কোনও রকম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিইনি।” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যাঁরা নিজেদের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো ব্যবস্থাকেই দূষিত করে তোলে, তাঁদের নিয়ে কোনও প্রশ্ন তোলা হয় না। অথচ সাধারণ মানুষ যদি একদিন আতশবাজি পুড়িয়ে আনন্দ করে, তাহলে সঙ্গে সঙ্গেই দূষণের প্রসঙ্গটি উঠে আসে। একইসঙ্গে দূষণ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন যোগী। তাঁর বক্তব্য, যদি দূষণ হয়েও থাকে, তাহলে তা এমনিতেই কমে যাবে।
দীপাবলি উদযাপনের প্রশংসা করে যোগী বলেন, “মানুষ যে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আতশবাজি ফাটিয়েছেন, তা দেখে আমি আনন্দিত। আমাদের বিজেপি সরকার কোনও বিধিনিষেধ আরোপের পক্ষে ছিল না; বরং সবাইকে মুক্তভাবে এই উৎসব উদযাপনে উৎসাহিত করেছে।”
