বুধবারই কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এবারের মতো শেষ হতে চলেছে মাইকেল ক্যারিক-পর্ব? সূত্রের দাবি, ক্যারিককে ছেঁটে ফেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বোর্ড। তাঁর পরিবর্তে প্রাক্তন কোচ মরিসিও পোচেত্তিনোকে সম্ভাব্য কোচ হিসাবে ভাবা হচ্ছে।
গত মরশুমের মাঝে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ক্যারিক। ঘরের ছেলের কোচিংয়ে অনেকটাই উন্নতি হয়েছিল দলের পারফরম্যান্সে। কিন্তু চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই দল। প্রিমিয়ার লিগে দশ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে ইউনাইটেড, অবনমনের আওতায়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের জন্য অবনমনের আওতায় থাকাটা মোটেই সম্মানের নয়। শেষ কবে দশ রাউন্ডের শেষে এহেন অবস্থানে ছিল ম্যাঞ্চেস্টারের ক্লাবটি, সঠিকভাবে বলতে ব্যর্থ অতি বড় সমর্থকও। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও বলার মতো পারফরম্যান্স নেই ক্যারিকের দলের। এই পরিস্থিতিতে তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর।
বুধবার বোর্ড মিটিং রয়েছে ইউনাইটেডের। সেখানে থাকবেন গ্লেজার্স পরিবারের ছয় সদস্য এবং জিম রাটক্লিফ। মালিকপক্ষের সব অংশের উপস্থিতিতে কোচ ক্যারিককে বিদায় করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। ক্যারিকের উত্তরসূরিও একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে ইউনাইটেড ম্যানেজমেন্ট।
আর্জেন্টাইন কোচ মরিসিও পোচেত্তিনোর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে তাদের। যদিও তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ। এবং দু’পক্ষের চুক্তি রয়েছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ফলে পোচেত্তিনোকে কোচ করার জন্য ১০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হতে পারে ইউনাইটেডকে। যা বর্তমানে ঋণে জর্জরিত ক্লাবের কাছে চাপের বিষয়।
