জাফরান চাষ বললেই চোখের সামনে ভেসে ওঠে কাশ্মীরের বরফঢাকা উপত্যকা। মাথায় আসে শীতপ্রধান অঞ্চলের কথা। আর এবার সেই চেনা ধারণাকে বদলে দিলেন মহারাষ্ট্রের নাগপুরের এক দম্পতি। প্রখর গরমের শহরে, বদ্ধ ঘরের চার দেয়ালের মধ্যেই তাঁরা ফলাচ্ছেন দুর্মূল্য কেশর। তাও আবার একমুঠো মাটি ছাড়াই! কী অবাক হচ্ছেন? অক্ষয় হোলে এবং দিব্যা লোহাকরে হোলের এই অভিনব কৃষি-উদ্যোগ এখন রীতিমতো চর্চায়। চারশো বর্গফুটের একটি ঘর থেকেই বছরে ৪০ থেকে ৫০ লাখ টাকা আয় করছেন এই দম্পতি।

কী ভাবে শুরু হল এই যাত্রা?
অক্ষয় বিবিএ স্নাতক, আর দিব্যা পেশায় ব্যাঙ্ককর্মী। ২০২০ সালে তাঁরা ঠিক করেন, প্রথাগত চাকরির বাইরে গিয়ে নতুন কিছু করবেন। বেছে নেন জাফরান চাষকে। দেশে এই মশলার বিপুল চাহিদা থাকলেও জোগান বেশ কম, দামও আকাশছোঁয়া। তাই নাগপুরের লোকসেবা নগরে নিজেদের বাড়ির ছাদে মাত্র ৮০ বর্গফুট জায়গায় একটি ‘ভার্টিক্যাল অ্যারোপনিক’ ইউনিট তৈরি করেন তাঁরা। তবে হুট করেই কাজে নামেননি। তার আগে দু’বছর ধরে প্রায় সাড়ে তিন মাস কাশ্মীরে থেকে শিখে নিয়েছেন জাফরান চাষের খুঁটিনাটি। শুরুতে এক কেজি ওজনের ১০০টি বীজ বা কর্ম (Corm) কিনে মাত্র কয়েক গ্রাম জাফরান পেয়েছিলেন। তাতেই মেলে সাহস। এরপর ৩৫০ কেজি বীজ কিনে চাষ শুরু করেন, যার থেকে মেলে প্রায় ১,৬০০ গ্রাম কেশর। বর্তমানে হিঙ্গনার ফ্ল্যাটে ৪০০ বর্গফুটের একটি ঘরের পাশাপাশি দুটি জায়গায় মোট ৪৮০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে তাঁদের এই ব্যবসা।

মাটি ছাড়া জাফরান চাষের কৌশল
নাগপুরের তীব্র গরমে কাশ্মীরের মতো ঠান্ডা আবহাওয়া তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ। সেই অসাধ্য সাধন হয়েছে অ্যারোপনিক্স প্রযুক্তিতে। এই পদ্ধতিতে মাটির বদলে শূন্যে ঝোলানো থাকে গাছের শিকড়। আর সূক্ষ্ম জলের কুয়াশা বা মিস্টের মাধ্যমে শিকড়ে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় জল ও পুষ্টি। ঘরের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে হুবহু কাশ্মীরের পরিবেশ তৈরি করা হয়। আগস্ট থেকে ডিসেম্বর— এই ক’মাস চলে ফসল তোলার কাজ। বছরের বাকি সময়টা বীজগুলোর পরিচর্যা ও বৃদ্ধির কাজে ব্যয় হয়। তাঁদের উৎপাদিত জাফরান কাশ্মীরের ‘স্যাফরন ইনস্টিটিউট’ থেকে গুণমানের শংসাপত্র পাওয়ার পর বাজারে প্রতি গ্রাম প্রায় ৬৩০ টাকা দরে বিক্রি হয়। অর্থাৎ, এক কেজি জাফরানের দাম দাঁড়ায় প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা!

খরচ ও লাভের হিসাব
এই প্রকল্পে দম্পতির প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ৫৫ লক্ষ টাকা। গত পাঁচ বছরে তাঁদের মোট আয় ছাড়িয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। সহযোগী ইউনিটগুলির উৎপাদন মিলিয়ে গত বছর প্রায় ৪৫ কেজি জাফরান তৈরি হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতি বছরই তাঁদের আয় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা ঘরে থেকেছে। অক্ষয়ের মতে, কেউ যদি ছোট আকারে ১০০ বর্গফুট জায়গায় এই চাষ শুরু করতে চান, তবে প্রাথমিক খরচ পড়বে প্রায় ১০ লক্ষ টাকা। সেখান থেকে বছরে প্রায় ৫ লক্ষ টাকার জাফরান উৎপাদন সম্ভব, যেখানে লাভের অঙ্ক প্রায় ৮০ শতাংশ। সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুতের বিল যেমন কম আসে, তেমনই মাটি না থাকায় সারের খরচও শূন্য। অধিকাংশ কাজ নিজেরাই সামলানোয় শ্রমিকের খরচও বাঁচে। যন্ত্রপাতিগুলি ২০ থেকে ২৫ বছর টেকে বলে এটি একটি দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগ।
