দিনভর একজনের মেসেজের অপেক্ষা করেন। স্ক্রিনে তাঁর নাম ভেসে উঠলে মুখে হাসি ফুটে ওঠে। সে উত্তর দিতে দেরি করলে হতাশা গ্রাস করে। এতেই কি ধরে নিয়েছেন আপনি ওই ব্যক্তির প্রেমে পড়েছেন? আদৌ এটা প্রেম কি? বলা হয়, কখনও কখনও যেটাকে আমরা কারও প্রতি গভীর আকর্ষণ বা প্রেম বলে মনে করি, সেটা আদতে ব্যক্তিত্ব বা তাঁর দেওয়া মনোযোগের প্রতি আসক্তি মাত্র। আপনার সঙ্গেও এমনটাই হচ্ছে না তো? চলুন আজ জেনে নিন কীভাবে বুঝবেন কারও প্রতি আকর্ষণ তৈরি হয়েছে নাকি মনোযোগের প্রতি আসক্তি।
১. দ্রুত উত্তর পেলে আপনি খুশি হন, আবার তিনি উত্তর দিতে দেরি করলে তা আপনার সন্ধ্যাটাই মাটি করে দিতে পারে। যদি আপনার মানসিক অবস্থা অন্য কারও দেওয়া মনোযোগের ওপর ভিত্তি করে বারবার পরিবর্তিত হয়, তাহলে বুঝে নিন আপনি নিজের অজান্তেই সেই মানুষটার থেকে পাওয়া স্বীকৃতির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন।
২. আপনাদের মূল্যবোধ, আগ্রহ বা প্রত্যাশা হয়তো একে অপরের থেকে অনেকটাই আলাদা। তবুও, যখনই সে আপনার প্রশংসা করে বা আপনাকে বিশেষ অনুভব করায়, তখন সেই পার্থক্যগুলো হঠাৎ করেই যেন গুরুত্বহীন মনে হয় আপনার কাছে। মাঝে মধ্যে কারও কাছে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতিটি সেই মানুষটাকে আপনার কাছে প্রিয় করে তোলে।

৩. তিনি যখন হাতের কাছে থাকে, তখন আপনি তুলনামূলকভাবে নিশ্চিন্ত বোধ করেন। কিন্তু যেই মুহূর্তে তিনি দূরে সরে যান, আপনি অবিরাম তাঁর কথা ভাবতে শুরু করেন। তাঁদের হঠাৎ নাগালের বাইরে চলে যাওয়াটা হয়তো গভীর কোনও অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা আপনার মধ্যে উদ্বেগের জন্ম দিচ্ছে।
৪. আপনি ঘণ্টার পর ঘণ্টা ভেবে কাটান যে, তিনি আপনাকে পছন্দ করে কি না, আপনাকে যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছে কি না, অথবা আপনি কোনও ভুল করছেন কি না। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, তাঁর সান্নিধ্যে থাকাটা আপনি আদৌ উপভোগ করেন কি না? একটি সম্পর্ক কেবল অন্য কারও অনুমোদন পাওয়ার চেষ্টা নয়, বরং এটি এমন একটি বিষয় যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে, সেই ব্যক্তি আপনার প্রয়োজনগুলো পূরণ করতে সক্ষম কি না।
৫.সত্যি করে বলুন তো আপনি কি তার সঙ্গে কথা বলাটা মিস করছেন, নাকি কেবল এমন কাউকে মিস করছেন যে সবসময় আপনার খোঁজখবর রাখে? যদি সত্যিকারের কথোপকথনের চেয়ে ‘শুভ সকাল’-এর বার্তা বা প্রশংসাগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তবে আপনার নিজের অনুভূতিগুলো একটু খতিয়ে দেখা প্রয়োজন।
