Hashtagintro

মোহভঙ্গ শাহরুখ-জুহির? কেকেআরের ‘মালিকানা’ কেনার আরও কাছে মার্কিন সংস্থা

আরসিবি, রাজস্থান রয়্যালসের পর এবার কেকেআর। আইপিএলের নয়া মরশুমের আগেই হাতবদল হয়ে যেতে পারে নাইটদের মালিকানার একটা বড় অংশের। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নাইট রাইডার্স গ্রুপের শেয়ারের একটা বড় অংশ যেতে পারে মার্কিন সংস্থা Ares ম্যানেজমেন্টের হাতে।

কেকেআরের মালিকানা এই মুহূর্তে মূলত রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। এর মধ্যে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা রয়েছে কিং খানের সংস্থার হাতে। জুহি চাওলা-জয় মেহতার হাতে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চাইছে।

আসলে যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহেতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চায়। সেই টাকা আবার নাইটদের ফ্র্যাঞ্চাইজিতেই বিনিয়োগ হবে ভিনদেশের লিগে দল কেনার ক্ষেত্রে। সব ঠিক থাকলে দ্রুতই হয়তো নতুন মালিক পেতে চলেছে নাইটরা। তবে জুহি-মেহেতারা পুরো মালিকানা বেচতে চাইছেন না। তাঁরা নিজেদের শেয়ারের ২০ শতাংশ বেচবে। সেই ২০ শতাংশ মালিকানা যেতে পারে অ্যারেসের কাছে। শোনা যাচ্ছে, অ্যারেসের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে। Ares মার্কিন সংস্থা। মূলত রিয়েল এস্টেট, পরিকাঠামো ব্যবসার সঙ্গে যুক্ত। তবে একই সঙ্গে ফুটবল, এনএফএলেও বিনিয়োগ রয়েছে তাঁদের।

আংশিকভাবে মালিকানা বিক্রির অর্থ তাঁরাও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন, সঙ্গে আসবেন নতুন মালিক। তবে ফ্র্যাঞ্চাইজির মূল মালিকানা থাকছে শাহরুখের হাতেই। কারণ কোনও পরিস্থিতিতেই তিনি শেয়ার বিক্রি করছেন না। আইপিএলের অন্যতম সফল দল নাইটরা। তিনবারের চ্যাম্পিয়ন, চারবারের ফাইনালিস্ট। তাছাড়া শাহরুখ খান এবং কলকাতার নাম যুক্ত থাকার জন্য আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে কেকেআরের। স্বাভাবিকভাবেই সেটার সঙ্গে যুক্ত হতে চায় বহু সংস্থা। তবে আপাতত এগিয়ে অ্যারেসই।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language