পাড়ার সেলুনে সেলুনে ভিড় কিশোর-তরুণদের। বিচিত্র চুলের ছাঁট দিতেই ব্যস্ত তারা। শুধু তাই নয়, একের পর এক বিচিত্র চুল কাটতে গিয়ে দম ফেলার ফুরশতটুকুও পাননি নাপিতরা। চুলের রংও হরেক রকম। কারও চুলের রং হলুদ, কারও কমলা! তাতে আবার অনেক রকম কারুকার্য। চুলের এই ছাঁটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও ক্লান্তি নেই! কিন্তু বিষয়টা কী?
কারও মাথায় অক্টোপাস, কারও চুলে ফুটে উঠছে ভিনগ্রহের প্রাণী এলিয়েনের মুখ! কালীপুজোর প্রতিমা বিসর্জনের আগে সেলুনে গিয়ে এমনই সব অদ্ভুত নকশা তৈরি করতে ব্যস্ত সিউড়ির একদল কিশোর ও যুবক। আজ, রবিবার বীরভূমের সিউড়ির বামদেব ক্লাবের প্রতিমা নিরঞ্জন। আর সেই উপলক্ষে এবারও চুলের অভিনব সাজে নজর কাড়ার প্রস্তুতি নিচ্ছেন ক্লাবের সদস্যরা। সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের বিসর্জন শোভাযাত্রা শহরের কালীপুজোর অন্যতম আকর্ষণ। অন্য ক্লাবের বিসর্জনে যেখানে আলোকসজ্জা, ডিজে কিংবা বিভিন্ন বাদ্যযন্ত্রের আয়োজন প্রাধান্য পায়, সেখানে বামদেব ক্লাবের পরিচিতি তৈরি হয়েছে সদস্যদের বিচিত্র চুলের নকশাকে ঘিরে। প্রতি বছরই এই শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় জমে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই।

রবিবারের শোভাযাত্রার প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। এলাকার কিশোর ও যুবকদের অনেকেই পছন্দের নকশা নিয়ে হাজির হয়েছেন সেলুনে। এবারের আকর্ষণের তালিকায় রয়েছে অক্টোপাস এবং এলিয়েনের মুখ। সুবোধ সোনার নিজের মাথায় অক্টোপাসের নকশা তৈরি করিয়েছেন। এজন্য তাঁর খরচ হয়েছে প্রায় ১৫০০ টাকা। অন্যদিকে, একই অঙ্কের টাকা ব্যয় করে মাথার চুলে এলিয়েনের মুখ ফুটিয়ে তুলছেন আদি মাহারা। শুধু চুল কেটে নকশা তৈরি নয়, এই বিশেষ সাজে রংয়ের ব্যবহারও থাকে। ফলে বিসর্জনের দিন প্রত্যেকের মাথায় আলাদা আলাদা শিল্পকর্ম দেখতে পাওয়া যায়।
এই বিশেষ আয়োজনের পিছনে রয়েছে এলাকার কিশোরদের নিজস্ব উৎসাহ। অনেকেই সারা বছর এমন চুলের ছাঁট রাখার সুযোগ পান না। তাই বিসর্জনের দিনটিকে সামনে রেখে নিজেদের পছন্দমতো সাজে মেতে ওঠেন তারা। পরিবারের সদস্যদের কাছ থেকেও মেলে অনুমতি। ক্লাবের এই রঙিন বিসর্জন দেখতে প্রতি বছরই ভিড় করেন কয়েকশো মানুষ। ফলে প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি চুলের নকশাই হয়ে উঠেছে বামদেব ক্লাবের নিজস্ব পরিচয়। এবার অক্টোপাস আর এলিয়েনের পাশাপাশি আরও কী কী নতুন চমক দেখা যায়, রবিবার সেদিকেই তাকিয়ে সিউড়িবাসী।
