Hashtagintro

প্রেমিকার আরও ৫টি পোষ্য খুনের প্ল্যান ছিল সঞ্জীবের, খুনের চেষ্টা উদ্ধারকারীদেরও! কুকুর হত্যা-কাণ্ডে নয়া তথ্য

আগেই প্রাক্তন লিভ-ইন সঙ্গিনীর দুই পোষ্য কুকুরছানাকে গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। এবার ওই ফ্ল্যাটে থাকা আরও পাঁচটি কুকুরকেও গরম জল ঢেলে ও ধারালো চপার দিয়ে কুপিয়ে খুনের ছকের তথ‌্য উঠে এল পুলিশের কাছে। দুই পশুপ্রেমী মহিলার তৎপরতায় প্রাণে বাঁচে ওই পাঁচটি কুকুর। কিন্তু সেগুলিকে উদ্ধার করে গেলে ওই দুই মহিলার উপরও হামলা চালিয়ে তাঁদের খুনের চেষ্টা করে অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্য। অভিযোগ, তাঁদের মারধর, গুরুতর আঘাত, আটকে রেখে শ্লীলতাহানিও করে সঞ্জীব। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে মহিলাদের খুনের চেষ্টা, হামলা, শ্লীলতাহানি ছাড়াও পশু নির্যাতন প্রতিরোধ আইনের ধারাও পুলিশ যুক্ত করে। রবিবার ধৃত সঞ্জীব ভট্টাচার্যকে আলিপুর আদালতে পেশ করা হলে তাকে ২৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর আগেও যাদবপুর থানায় ধৃত সঞ্জীবের বিরুদ্ধে অন‌্য মহিলাকে হেনস্তা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছিল বলে জানিয়েছে পুলিশের সূত্র।

শনিবার সন্ধ‌্যায় যাদবপুরের বিক্রমগড়ের একটি ভাড়ার ফ্ল্যাটে প্রাক্তন লিভ-ইন সঙ্গিনীর দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ ওঠে সঞ্জীবের বিরুদ্ধে। তার সঙ্গিনী পেশায় ডিজে। দু’জনের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই এই কাণ্ড বলে অভিযোগ পুলিশের। একটি কুকুরছানাকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে ভিডিও করে প্রাক্তন সঙ্গিনীকে দেখায় অভিযুক্ত। ওই দৃশ‌্য সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শহরজুড়ে চাঞ্চল‌্য সৃষ্টি হয়। এক অভিনেত্রী-সহ দুই পশুপ্রেমী মহিলা রাতেই ওই ফ্ল‌্যাটে জোর করে প্রবেশ করে দেখেন, সঞ্জীব একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে। অন‌্য একটি কুকুরের মাথায় ইটের ঘা দিয়ে হত‌্যা করেছে। ওই ফ্ল‌্যাটে আরও তিনটি দেশি কুকুরের শাবক ও দু’টি ভিন্ন ব্রিডের কুকুর ছিল। শেষ পর্যন্ত ওই দুই পশুপ্রেমী মহিলাই পাঁচটি পোষ‌্যকে উদ্ধার করেন। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, বাকি কুকুরগুলিকেও খুনের প্রস্তুতি নিচ্ছিল সঞ্জীব। তাদের গায়ে ফুটন্ত গরম জল ঢেলে ও গলায় চপার দিয়ে আঘাত করে খুনের পরিকল্পনা করেছিল। এর জন্য প্রস্তুতিও নিচ্ছিল সে। দুই মহিলা বাধা দিতে গেলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত। তাঁদের মারধর করে খুনের চেষ্টা করে। হুমকি দেয় বলে অভিযোগ। এমনকী, তাঁদের লক্ষ্য করে ফুটন্ত গরম জল ছোড়ার চেষ্টাও করে। কোনওক্রমে সেই হামলা রুখে পাঁচটি কুকুরকে উদ্ধার করেন দুই মহিলা।

এদিন সঞ্জীব ভট্টাচার্যকে আলিপুর আদালতে তোলা হলে তার আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, পশুদের উপর নিষ্ঠুরতার অভিযোগে পশু নির্যাতন প্রতিরোধ আইনের ধারাগুলি জামিনযোগ্য। তার জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল আবেদনে জানান, অভিযুক্তর বিরুদ্ধে পশু হত‌্যা ছাড়াও উদ্ধারকারী দুই মহিলাকে হেনস্তা ও আক্রমণের অভিযোগও রয়েছে। নিরীহ দুই পোষ্যকে নৃশংসভাবে খুনের পর বাকি পাঁচটি কুকুরকেও মেরে ফেলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। অভিযুক্ত বাইরে থাকলে পশু ও উদ্ধারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এদিকে, পুলিশের সূত্র জানিয়েছে, সঞ্জীব বিবাহিত। তার এক কিশোরী কন‌্যাও রয়েছে। তবু পেশায় ডিজে ওই মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল সে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সঙ্গিনী ফ্ল্যাট ছেড়ে চলে গেলেও পোষ্য কুকুরগুলি সঞ্জীবের কাছেই ছিল। বান্ধবীর উপর আক্রোশেই সে এই কীর্তি করে। পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language