হাড় হিম শীতে কয়েক বছর ধরে কালিম্পংকে বারে বারে টেক্কা দিচ্ছে পুরুলিয়া। এবার পর্যটক সমাগমেও শৈলশহর দার্জিলিংয়ের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে জঙ্গলমহল, পুরুলিয়া। এক পাহাড় থেকে মুখ ফিরিয়ে পর্যটকদের গন্তব্য হচ্ছে আরও এক পাহাড়!
গত বছর পুরুলিয়ায় মোট পর্যটকের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫৯ হাজার ৮৭। এবার জুন মাস পর্যন্ত এখানে ৬ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জন পর্যটক পা রেখেছেন। মনে করা হচ্ছে, ডিসেম্বর শেষ হতে না হতে এই সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে। তাছাড়া পর্যটক টানতে পুরুলিয়া জেলা প্রশাসনকে এমনিতেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অন্যদিকে, দার্জিলিং-কালিম্পং মিলিয়ে এবছর সেখানে পর্যটকের সংখ্যা প্রায় ৭ লক্ষ। শুধুমাত্র দার্জিলিঙের ক্ষেত্রে সংখ্যাটা ৫ লক্ষেরও কম। তবে করোনার আগে শুধু দার্জিলিঙে এই সংখ্যাটা ছিল প্রায় ৬ লক্ষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পর্যটক সংখ্যায় পুরুলিয়া ১০ লক্ষ ছুঁয়ে ফেললে নিশ্চিতভাবে হারিয়ে দেবে দার্জিলিং-কালিম্পংকে।
অযোধ্যা পাহাড় মাওবাদী মুক্ত হওয়ার পর থেকেই এই এলাকায় ধীরে ধীরে পর্যটন পরিকাঠামো গড়ে উঠেছে। তাই পুরুলিয়ায় পর্যটক সংখ্যাও বাড়ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে পুরুলিয়ামুখী হচ্ছে বঙ্গের পর্যটকরা। ওই বছরে দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা ছিল ৪ লক্ষের বেশি। তবে পুরুলিয়ায় ব্যাপক হারে পর্যটক বৃদ্ধির সংখ্যা ২০২৪ থেকে। ২০২৩ সালে পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৯ হাজার ২৫০। বর্তমানে তা ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই হিসাবেই পরিষ্কার, বাংলার পর্যটকরা উত্তরের শৈলশহর থেকে মুখ ফিরিয়ে জঙ্গলমহলের পাহাড়মুখী হয়েছেন। পুরুলিয়া হোটেল অ্যান্ড লজ অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সিনহা বলেন, “বেশ কয়েকটি কারণে দার্জিলিং থেকে বাংলার পর্যটকরা মুখ ফিরিয়েছেন। সংকীর্ণ রাস্তায় তীব্র যানজট। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস। পর্যটনের মরশুমে হঠাৎ যানবাহন, হোটেল ভাড়া বৃদ্ধি। সেই সঙ্গে অপরিচ্ছন্নতা ও পানীয় জলের সঙ্কট। অন্যদিকে, পুরুলিয়া একেবারে পরিবেশবান্ধব। এখানেই প্রবল ঠান্ডা পড়ে।” পুরুলিয়া হোটেল অ্যান্ড লজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, শীত থেকে পলাশের মরশুমের এই অঞ্চলে উপচে পড়া ভিড়।২০২৫-এ পলাশের মরশুমে অনলাইনে পুরুলিয়া ছিল পয়লা নম্বরে। গত বছর ডিসেম্বরের শেষে গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি-তুহিন চলতি বছরে এই জেলার ভিড়কে ব্যাপক বাড়িয়ে দিয়েছে।
