নথি জাল করে কলকাতায় বসবাস। এক আফগানকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মঙ্গলবার শিয়ালদহের কাছে কলকাতা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে তাকে মধ্যপ্রদেশ পুলিশের আধিকারিকরা গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, ওই আফগানের আসল নাম মির আহমেদ জার। কলকাতায় সে আয়ুব খান নাম নিয়ে জাল পরিচপত্র তৈরি করে থাকত। ২০১৫ সালে প্রথমবার ভারতে আসে। এর পর ২০১৭ সালে দ্বিতীয়বার এদেশে আসে। কখনও থাকত মধ্যপ্রদেশের জব্বলপুরে। কখনও থাকত কলকাতায়। ধৃতের কাছ থেকে উত্তর শহরতলির ভাটপাড়া পুরসভার শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ও গাড়ি চালানোর লাইসেন্স উদ্ধার করেন গোয়েন্দারা। এসআইআর-এর তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল। এরপর ফের নাম তোলার জন্য আবেদনও করে।
জানা যায়, এর আগে মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে ওই রাজ্যের গোয়েন্দারা পাঁচজন আফগানকে গ্রেপ্তার করেন। তারা প্রত্যেকেই জাল পরিচয়পত্রে এই দেশে থাকছিল বলে অভিযোগ। তাদের জেরা করেই আয়ুব খানের নাম জানতে পারেন গোয়েন্দারা। সেই সূত্র ধরে গোয়েন্দারা এদিন আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে হানা দেন। শিয়ালদহের কাছে একটি ডেরা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে জাল নথি তৈরির চক্রের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।