প্রতিশ্রুতি মতোই রাজ্যে পালাবদলের পর সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা দিয়েছে বিজেপি সরকার। নিত্য যাতায়াত থেকে দূরপাল্লা, সব সরকারি বাসেরই বিনামূল্যে যাতায়াত করতে পারেন মহিলারা। কিন্তু বর্তমানে সরকারি সুবিধা অপব্যবহারের অভিযোগ উঠছে। বিশেষ করে দূরপাল্লার বাসের ক্ষেত্রেই এমন অভিযোগ আসছে ভূরি ভূরি। অভিযোগ, অনেকেই অনলাইনে দূরপাল্লার বাসের আগাম টিকিট বুকিং করছেন, কিন্তু তাঁরা পরিষেবা নিচ্ছেন না। বাস ছাড়ার সময় দেখা যাচ্ছে কার্যত গোটা বাসটাই ফাঁকা। এদিকে আসন না পেয়ে অনেক যাত্রীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সমস্যা রুখতে এবার কড়া পদক্ষেপের পথে পরিবহণ দপ্তর। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এই ধরনের অভিযোগ এলে, তৎক্ষণাৎ তাঁদের চিহ্নিত করে বুকিং বন্ধ করা হবে।
রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, “কিছু লোক খুব কায়দা করে সরকারি সুবিধার মিসইউজ করার চেষ্টা করছে। বুকিং করে গাড়িতে উঠছে না। অনেকসময় দেখা যাচ্ছে ৩০-৩৫টি সিট বুকিং হচ্ছে, তবে পুরোটাই খালি যাচ্ছে।” অর্জুনের হুঁশিয়ারি, “যাঁরা এমন করছেন, সেগুলো খুঁজে বের করে ৩ মাসের জন্য ব্যান করে দেব।”
একজন মহিলা আধার কার্ড ব্যবহার করে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন। মোবাইল নম্বর লগ ইন করতে হয় বুকিংয়ের সময়। কিন্তু একটি ফোন নম্বর দিয়ে কতগুলি টিকিট কাটা যাবে, তার কোনও নির্দিষ্ট সীমা দেওয়া হয়নি সরকারের তরফে। যার ফলে এই টিকিট বুকিং করে বাসে না ওঠার মতো ঘটনা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সরকারের তরফে এই অভিযোগ চিহ্নিত করার জন্য বিশেষ সফটওয়্যারের সাহায্য নিতে পারে পরিবহণ নিগম। কোন নম্বর থেকে ফ্রি টিকিট কাটা হচ্ছে, তা জানা যাবে এই সফটওয়্যারে। এমন অভিযোগ এলে ওই নম্বর থেকে টিকিং বুকিং বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।