চার হাজার কোটির মহাকাব্য নিয়ে কটাক্ষ-সমালোচনা যেন কিছুতেই থামতে চাইছে না ‘মহাভারত’-এর ‘কৃষ্ণ’ নীতিশ ভরদ্বাজের। গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখেছে রণবীর কাপুর অভিনীত এই মেগাবাজেট সিনেমা। আধ্যাত্মিক সিনেমার ট্রেলার দেখে প্রথমটায় ‘অস্কার পাওয়ার’ ভবিষ্যদ্বাণী করেছিলেন নীতীশ। তবে সিনেমা দেখেই ডিগবাজি! বললেন, ‘প্রোপাগান্ডা সিনেমা। রামায়ণের ৪০০০ কোটি বাজেট নিয়ে তদন্ত করুন।’
“আমার মনে হয়, এর নেপথ্যে কোনও অ্যাজেন্ডা রয়েছে। এটা শুধু একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তৈরি নয়। ৪০০০ কোটি টাকার বাজেটের এই সিনেমার জন্য লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুর থেকে বিপুল টাকা এসেছে।…”
সম্প্রতি এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে ‘রামায়ণ’-এর মেকিং প্রশ্ন তুলে তুলোধনা করেছিলেন নির্মাতাদের। এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফের ক্ষোভ উগড়ে দিলেন ‘মহাভারত’-এর ‘কৃষ্ণ’। কোনওরকম রেয়াত না করেই ‘রামায়ণ’ তৈরির নেপথ্যে বৈদেশিক অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নীতিশের দাবি, মহাকাব্যের এহেন রূপায়ণ সৃজনশীল দৃষ্টিভঙ্গির ফারাকের থেকেও গভীর কিছু! যেটা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর মন্তব্য, “আমার মনে হয়, এর নেপথ্যে কোনও অ্যাজেন্ডা রয়েছে। এটা শুধু একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে তৈরি নয়। ৪০০০ কোটি টাকার বাজেটের এই সিনেমার জন্য লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুর থেকে বিপুল টাকা এসেছে। বিভিন্ন উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বিদেশি শক্তিগুলি তো ভারতের অগ্রগতির পরিপন্থী। তাই এহেন ‘মানি ট্রেইলে’র নেপথ্যে কী কারণ, তার তদন্ত হওয়া উচিত।”

এর আগে এক ইনস্টা পোস্টে ‘মহাভারত’-এর ‘কৃষ্ণ’ নীতিশ ভরদ্বাজ লিখেছিলেন, ‘রামায়ণ ভারতের ডিএনএ-তে মিশে আছে। রামায়ণ কেবল একটি গল্প নয়, তা সনাতন ভারতের সভ্যতাগত ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রোথিত। এই মহাকাব্যের নায়ক, নায়িকা এবং খলনায়ক— সকলেই এর মূল্যবোধ ও বার্তার অবিচ্ছেদ্য অংশ। তাদের চরিত্র বা তাৎপর্যকে হালকাভাবে নতুন করে সংজ্ঞায়িত করা যায় না।’ তাঁর মতে, ধর্ম ও পরম্পরা রক্ষা করা এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্যই মহাবিষ্ণু রাম অবতার গ্রহণ করেছিলেন। সেখানে রাবণকে অত্যন্ত উদার, সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী এবং নিরপেক্ষ একজন চরিত্র হিসেবে উপস্থাপন করার ফলে ছবিটি রামায়ণের নৈতিক কাঠামোকেই বদলে দিয়েছে। অবতারের জন্মগ্রহণের মূল উদ্দেশ্যই খর্ব হয়েছে। আর সেই সঙ্গেই নীতিশ জানিয়েছিলেন, এর আগে ছবিটি নিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করে তিনি যে অস্কার জেতার দাবি করেছিলেন, সেই মন্তব্য তিনি ফিরিয়ে নিচ্ছেন।
