ধর্মান্তকরণের অভিযোগে পুলিশি অভিযান শুরুর আগে সন্দেহভাজনদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল রাজ্যের প্রায় সমস্ত চার্চের প্রধান ও খ্রিস্টান সংগঠন। আজ, শনিবার কলকাতার মণিপুর ভবনে কলকাতার সিএনআই ছাড়া সমস্ত চার্চের ডায়াসেশণের প্রধান, মিশনারি স্কুলের শীর্ষকর্তা এবং বঙ্গীয় খ্রিস্টান পরিষেবার পরিচালকরা জরুরি বৈঠকে বসেন। আলোচ্য বিষয় ছিল, দিন কয়েক আগে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মিশনারি স্কুলের এক অধ্যক্ষর নেতৃত্বে রাজ্যে ধর্মান্তকরণ চলছে বলে অভিযোগের জেরে পুলিশি অভিযানের প্রস্তুতি।
বৈঠক শেষে রাজ্যের ১৩ লাখ খ্রিস্টানদের তরফে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি একগুচ্ছ দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এদিনই চিঠি পাঠান চার্চের প্রধানরা। যেখানে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। একই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপালকে চিঠি দেওয়া হল বলে জানিয়েছেন খ্রিস্টীয় পরিষেবার সাধারণ সম্পাদক হেরোদ মল্লিক।
ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিলিয়ে রাজ্যের প্রায় এক হাজার চার্চ ও ৮০০ মিশনারি স্কুলের প্রধান এবং খ্রিস্টীয় পরিষেবার তরফে একাধিক দাবি রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম হল ১) প্রার্থনা সভা মানেই ধর্মান্তকরণ কর্মসূচি নয়। মাত্র এক ঘণ্টায় খ্রিস্টান হওয়া যায় না, এটা একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই প্রার্থনা সভা দেখলেই যেন পুলিশি অভিযান না করে সন্দেহ হলে বিচারবিভাগীয় তদন্ত হোক। ২) লালকৃষ্ণ আডবাণী, নির্মলা সীতারমন থেকে তথাগত রায়, স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পালের মত যে সমস্ত শীর্ষ বিজেপি নেতারা মিশনারি স্কুলে পড়েছেন তাঁদের ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মান্তকরণ নিয়ে অভিজ্ঞতা প্রকাশ্যে আনা হোক। ৩) শুধু বিদ্বেষ ও উস্কানিমূলক অভিযোগ না করে, সুনির্দিষ্ট মিশনারি স্কুলের অধ্যক্ষের নাম প্রকাশ্যে এনে প্রশাসনিক পদক্ষেপ হোক। না হলে দলীয় হুলিগানরা মিশনারি স্কুলে যে কোনও দিন তাণ্ডব করতে পারে বলে আশঙ্কা। ৪) আর সনাতন ধর্মের নাম করে অন্য ধর্মাবলম্বীদের উপর যে হামলা হচ্ছে তা নিয়েও বেদের প্রথম মণ্ডলের মন্ত্রে উল্লেখ করা আছে, সত্য এক, কিন্তু বিভিন্ন চোখে তাকে মানুষ দেখে। অর্থাৎ বহুত্ববাদের পক্ষে সওয়াল করা হয়েছে সনাতন ধর্মে।
