ধর্মই কি যোগ্যতার মাপকাঠি? ওয়েলিংটন টেস্টে মহম্মদ সিরাজ বাদ পড়ার পর ‘বিতর্কিত’ এই প্রশ্নটি তুলে দিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। তাঁর নিজের দলের অনেকেই ওই মন্তব্যের বিরোধিতা করেছেন। কংগ্রেসও মন্তব্য থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কিন্তু সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদ দমে যেতে নারাজ। নিজের মন্তব্যে কমবেশি অনড় কংগ্রেস সাংসদ। তিনি বলছেন, শুধু মহম্মদ সিরাজ নন, এই তালিকায় নাম রয়েছে সরফরাজ খান, মহম্মদ শামিদেরও।
ইমরান মাসুদ বলছেন, “নির্বাচকদের নিরপেক্ষ হওয়া উচিত। কে কোথা থেকে এসেছে সেটা দেখে দল বাছা উচিত নয়।” উদাহরণ তুলে তিনি বলছেন, “মহম্মদ শামি আছেন, সরফরাজ খান আছেন। কেউ যদি ভালো পারফর্ম করেন তাহলে তাঁকে বাদ দেওয়া উচিত নয়।” ধর্মের কথা উল্লেখ না করলেও ইঙ্গিতটা ফের সেদিকেই করলেন ইমরান। যদিও তাঁর দাবি, সিরাজকে নিয়ে তিনি যা বলেছেন, সেটাকে এত গুরুত্ব দেওয়ার কোনও অর্থ হয় না।
বস্তুত, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর একে একে বাদ পড়েছেন সংখ্যালঘু ক্রিকেটাররা। সরফরাজ খানের মতো প্রতিভাবান ক্রিকেটার আর সুযোগ পান না। আবার মহম্মদ শামির মতো দেশের অন্যতম সফল পেসার ঠিক কেন দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পেলেন না, কেন অবসর নিতে বাধ্য হলেন সেটারও কোনও সঙ্গত ব্যাখ্যা নেই। টিম ম্যানেজমেন্ট যে যুক্তিই দিক, শামিকে পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হয়েছে, ক্রিকেটপ্রেমীদের অনেকেই সে যুক্তি মানতে নারাজ। আসলে কোচ গম্ভীর যেহেতু একসময় বিজেপির সাংসদ ছিলেন, তাই যে কোনও সংখ্যালঘু ক্রিকেটার বাদ গেলেই ধর্মের প্রশ্নটি ওঠে।
যে প্রশ্নটি একদিন আগেই তুলেছেন ইমরান। তিনি বলেন, “ওর নাম সিরাজ, সেটাই বাদ পড়ার কারণ হিসাবে যথেষ্ট নয় কি? ও তো ভালো পারফর্ম করছে তারপরেও দলে জায়গা পাচ্ছে না। তাহলে বাদ পড়ার নেপথ্যে কোন কারণ? এটাই একমাত্র কারণ, আমার মনে হয় বাদ দেওয়ার অন্য আর কোনও কারণ নেই। বৈষম্যটা স্পষ্টই বোঝা যাচ্ছে।” ইমরানের সেই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তাঁর দলেরই সাংসদ রনজিৎ রঞ্জন বলছেন, “ইমরান মাসুদের উচিত রাজনীতি এবং খেলাকে গুলিয়ে না ফেলা। আমাদের খেলার মধ্যে রাজনীতি ঢোকানো উচিত নয়। খেলার একটা আলাদা জগৎ রয়েছে। এভাবে খেলার মধ্যে রাজনীতি টানা উচিত নয়।”
Source: Sangbad Pratidin India (Bengali)
