Hashtagintro

জনসংখ্যা মাত্র ৩৮০০! প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে চমক ‘বিতর্কিত’ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের

জনসংখ্যা মাত্র ৩৮০০। সপ্তাহে একদিনই বিমান চলাচল করে। ক্রিকেটের পরিকাঠামোও উন্নত নয়। বলা হচ্ছে ‘বিতর্কিত’ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কথা। সেই ফকল্যান্ডই এবার চমকে দিল। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ জিতল তারা। আট ম্যাচের সিরিজে কোস্টারিকাকে ৬-২ ব্যবধানে হারিয়েছে তারা।

ফকল্যান্ডে যে ক্রিকেট খেলা হয়, তা অনেকেরই অজানা। তাদের সাফল্যকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসির তরফে জানানো হয়েছে, ফকল্যান্ডের মাটিতে এই প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হল। এই জয় সে দেশের ক্রিকেটের ইতিহাসেও গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে বেশ কিছুটা দূরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ভৌগোলিক অবস্থানের কারণেই সেখানে খেলাধুলোর আয়োজন করা বেশ কঠিন। চিলির সান্তিয়াগো থেকে সপ্তাহে মাত্র একটি বিমান যাতায়াত করে। দেশের মোট জনসংখ্যা ৩৮০০। ভারতের কোনও পাড়ার ক্রিকেট ম্যাচেও হয়তো তার চেয়ে বেশি দর্শক দেখা যায়! আইসিসির সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ সেন্ট হেলেনাতেও ফকল্যান্ডের তুলনায় প্রায় ১০০০ জন বেশি মানুষ বাস করেন।

এমন প্রতিকূল পরিস্থিতিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে কোস্টারিকার বিরুদ্ধে আট ম্যাচের সিরিজ আয়োজন করেছে ফকল্যান্ড। ৬-২ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের শক্তির প্রমাণও দিয়েছে তারা। আইসিসির ওয়েবসাইটে ফকল্যান্ডের অধিনায়ক সেসিল আলেকজান্ডার জানিয়েছেন, এই ধরনের সিরিজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়।

তাঁর কথায়, “কোনও পরিকল্পনা বাস্তবে রূপ দিতে আমাদের অন্তত এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করতে হয়। ছুটির ব্যবস্থা করতে হয়। অর্থের জোগাড় করতে হয়। কোস্টারিকা নিজেরাই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ দেখিয়েছে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। সপ্তাহে মাত্র এক দিন বিমান চলাচল করায় গোটা আয়োজন বেশ কঠিন হয়ে যায়।” প্রতিবন্ধকতা অবশ্য এখানেই শেষ হয়নি। খারাপ আবহাওয়ার কারণে কোস্টারিকার বিরুদ্ধে সিরিজের সূচিতেও পরিবর্তন করতে হয়েছিল। তবু শেষ পর্যন্ত সব বাধা সামলে মাঠে নেমেছেন ফকল্যান্ডের ক্রিকেটারেরা। আর দেশবাসীকেও হতাশ করেননি তাঁরা। সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে এই সিরিজ জয় নিঃসন্দেহে ফকল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

গত ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিতর্কিত ব্যানার নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন লিওলেন মেসি জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডিরা। সেখানে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’। অর্থাৎ ‘মালভিনাস আমাদেরই’। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনায় মালভিনাস বলে ডাকেন। ম্যাচ চলাকালীন গ্যালারিতেও ওই একই পোস্টার দেখা যায়। এমনকী ম্যাচ চলাকালীনও আর্জেন্টিনা সমর্থকরা ওই স্লোগান দেন। উল্লেখ্য, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় ৫০০-৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ স্বশাসিত এলাকা হলেও ১৮৩৩ সাল থেকে সেটা ব্রিটেনের নিয়ন্ত্রণে। তবে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, দ্বীপগুলি তাদের ভূখণ্ডের অংশ।

এই বিরোধকে কেন্দ্র করে ১৯৮২ সালে কড়া পদক্ষেপ করে বুয়েনস আইরেস। আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট লিওপোল্ড গালতিয়েরির নির্দেশে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালায় আর্জেন্টাইন সেনা। এর জবাবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার দক্ষিণ আটলান্টিকে যুদ্ধজাহাজ, বিমান ও সেনা পাঠান। টানা ৭৪ দিনের যুদ্ধের পর অবশেষে আত্মসমর্পণ করে আর্জেন্টিনা। ফকল্যান্ডের নিয়ন্ত্রণ থাকে ব্রিটেনের হাতেই। ভয়াবহ এই যুদ্ধে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সৈন্যর মৃত্যু হয়। এই ফকল্যান্ড যুদ্ধের আচঁ এসে পড়ে ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে। যুদ্ধের চার বছর পর ‘ফুটবল রাজপুত্র’ দিয়াগো মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে কুখ্যাত সেই হ্যান্ড অফ গড গোলটি করেন। আবার দ্বিতীয় গোলটি করেন ৬ জনকে কাটিয়ে। এ হেন ফকল্যান্ড এবার ক্রিকেটেও চমক দেখাল।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language