আজ, রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ শহরের গুরুত্বপূর্ণ এই সেতু। জানা গিয়েছে, এই সময়সীমার মধ্যে হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং-সহ একাধিক অংশের মেরামতির কাজ করা হবে। ফলে সকাল থেকে বিকল্পপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত গাড়িকে। কোন পথে যান চলাচল করবে, তা জানিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, যান নিয়ন্ত্রণে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশকর্মীকেও।
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি টার্ফভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওয়া ব্রিজ অথবা ডানদিকে ঘুরে হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরবে। এছাড়া কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। পাশাপাশি সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁদিক ঘুরে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতু ভায়া ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট ব়্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে গাড়িগুলিকে রেড রোড ধরতে হবে বলে জানানো হয়েছে।
Traffic Notification in connection with the full closure of Vidyasagar Setu from 05.00 a.m. to 09.00 p.m. on 22/11/2026 (Sunday). https://t.co/cuWzdlCjpe
— Kolkata Traffic Police (@KPTrafficDept) November 20, 2026
হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জন্য এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ৩৩ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপ্যানশন জয়েন্ট প্রভৃতিরও আয়ু ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে। সেদিকে নজর রেখেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে সেতু মেরামতির কাজ।
ইতিমধ্যে সেতু রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছিল এইচআরবিসি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই সেতু রক্ষণাবেক্ষণের যাবতীয় কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ছুটির দিন এই কাজ হওয়ায় কিছুটা যানজট থেকে মুক্তি সাধারণ মানুষের।
