Hashtagintro

‘ভোট দেয়নি, আলোও পাবে না’, পঞ্চায়েতে হেরে গ্রামের সব ‘স্ট্রিট লাইট’ খুলে নিলেন বিজেপি নেত্রী!

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হলেও তাঁকে ভোট দেয়নি গ্রামবাসী। ফলপ্রকাশের পর দেখা যায় পঞ্চায়েত সমিতি নির্বাচনে ৭৫১ ভোটে হার হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মার। নেত্রীর হারের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই খুলে ফেলা হল গ্রামের রাস্তায় লাগানো ৫০টি আলো। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাজস্থানে টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েতে। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

জানা গিয়েছে, পিপুল পঞ্চায়েত সমতির ২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা শর্মা। ইনি নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহায়ক অলোক শর্মার স্ত্রী। নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে তিনি দেখেছিলেন পিপুল পঞ্চায়েতের একাধিক কলোনিতে অন্ধকারে ডুবে। এই অবস্থায় গত ২৪ অক্টোবর গ্রামের ৫০টি জায়গায় রাস্তার ধারে আলো লাগানোর ব্যবস্থা করেন। এরপর গত শুক্রবার রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়। যেখানে দেখা যায়, ৭৫১ ভোটে হেরেছেন প্রিয়াঙ্কা।

বিদ্যুৎ দপ্তরের তরফে বলা হয়েছে, আলোগুলি বেআইনিভাবে কোনও অনুমোদন ছাড়াই লাগানো হয়েছিল। বিষয়টি নজরে আসতেই তা খুলে ফেলা হয়েছে।

ফল ঘোষণার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই গ্রামে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ দপ্তরের তরফে প্রতিটি বিদ্যুতের খুটি থেকে আলো খুলে নিয়ে যান তাঁরা। অভিযোগ ওঠে, নির্বাচনে হেরে যাওয়ার জেরে রাগের বশে গ্রাম থেকে সমস্ত আলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি নেত্রীর নির্দেশেই এই কাজ করেছে বিদ্যুৎ দপ্তর। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই এই ইস্যুতে মুখ খুলেছে বিদ্যুৎ দপ্তর। বলা হয়েছে, আলোগুলি বেআইনিভাবে কোনও অনুমোদন ছাড়াই লাগানো হয়েছিল। বিষয়টি নজরে আসতেই তা খুলে ফেলা হয়েছে। কেউ আলো খোলার কোনও নির্দেশ দেয়নি বলে জানান বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়র গোবর্ধন চৌধুরী।

Rajasthan BJP candidate removes street lamps after poll defeat
পঞ্চায়েতে হারের পর খুলে নেওয়া হচ্ছে গ্রামের সব ‘স্ট্রিট লাইট’।

তবে গ্রামবাসীদের পালটা প্রশ্ন, “আলো লাগানোর সময় কোথায় ছিল বিদ্যুৎ দপ্তর? ভোটের ফলপ্রকাশের পরই মনে পড়ল সেগুলি বেআইনিভাবে লাগানো হয়েছে? গ্রামে আলো আসায় আনন্দিত ছিলেন এলাকাবাসী। এখন আবার সব অন্ধকার হয়ে গিয়েছে। ভোট না দিলে কি উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে হবে?” উল্লেখ্য, রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে এবার জোর ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে ৭৫২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৭৫৮টি। অন্যদিকে বিজেপি পেয়েছে ২ হাজার ২১৩টি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language