উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিরোধী শিবির। নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি জোট (Congress-Samajwadi Party) ঘোষণা করলেও আসন জট গুরুতর আকার নিয়েছে। নির্বাচনে সপার কাছে ১০০-র বেশি আসন দাবি করেছে কংগ্রেস। তবে হাত শিবিরের এই দাবি মানতে নারাজ অখিলেশের দল। টালমাটাল এই পরিস্থিতিতে সোমবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাড়িতে বৈঠকে বসেছিলেন দুই দলের ৪ জন শীর্ষ নেতা। তবে মাত্র ১৫ মিনিটেই শেষ হল সেই বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে সপার তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘আসন ভাগ হবে প্রার্থীদের জয়ের সম্ভাবনা বিচার করে।’
বৈঠক প্রসঙ্গে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র বলেন, ”ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে আসন ভাগাভাগি হয়ে যাবে। তবে কংগ্রেসের দাবি, আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত কোনও আলোচনা হয়নি। তবে বৈঠকে কংগ্রেসের নজর ছিল উত্তরপ্রদেশের ৬০টি ‘এ-গ্রেড’ আসনে। অর্থাৎ যেখানে জয়ের সম্ভাবনা বেশি। দলীয় সূত্রের খবর, কংগ্রেস চাইছে ১০০টি আসন। যাতে অন্তত ৬০টি আসনে জিততে পারে হাত শিবির। কংগ্রেসের দাবি, সেইসব বিধানসভা কেন্দ্রগুলি তাদের দেওয়া হোক যেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তারা এগিয়ে ছিল বা অল্প ব্যবধানে এগিয়েছিল। এছাড়া, অতীতের ‘দলিত-মুসলিম-ব্রাহ্মণ’ ফর্মুলার আসনগুলিও চাইছে হাত শিবির। ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসকে ১০৫টি আসন ছেড়েছিল সপা। সেই হিসেবে এবার ১০০-র বেশি আসন দাবি করেছে হাত শিবির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনে ১৭টি আসনে লড়েছিল কংগ্রেস। সেই হিসেবে বিধানসভায় ৮৫টি আসন দাবি করা হচ্ছে।
বৈঠকে সপার তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘আসন ভাগ হবে প্রার্থীদের জয়ের সম্ভাবনা বিচার করে।’
এ প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, “আমরা শুধু সংখ্যা নয়, জেতার মতো আসন চাই। দলিত, ব্রাহ্মণ ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট টানতে হলে সম্মানজনক আসন দরকার।” এই অবস্থায় অতি উৎসাহে কংগ্রেস সপাকে ১৮১টি আসনের তালিকা পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। তবে অখিলেশ যাদব ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “আসন সংখ্যা নয়, ভোটে জেতাই আসল।” সপার এক সাংসদ কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “উত্তরপ্রদেশে কংগ্রেসের নিজস্ব কোনও ভোটব্যাঙ্ক নেই। গত বিধানসভায় ওরা মাত্র ২টি আসন ও ২ শতাংশ ভোট পেয়েছিল। ফলে বেশি আসনের পরিবর্তে কংগ্রেস যেসব আসনে গত ২ বিধানসভায় ভালো ফল করেছে, এবং যেখানে তাদের শক্তিশালী নেতৃত্ব রয়েছে, সেই আসনগুলির দাবি করুক।” সূত্রের খবর, কংগ্রেসের ১৮১ আসনের পালটা সপার তরফে কংগ্রেসকে ৫৫টি আসনের তালিকা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল সপা-কংগ্রেস। সেই নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে সপা পড়েছিল ২৯৮টি আসনে, এবং কংগ্রেস ১০৫ আসনে। যদিও ২০২২ সালে কংগ্রেস জোট থেকে বেরিয়ে আসে সপা। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর আসন্ন নির্বাচনে কোনও ফাঁক রাখতে চাইছে না দুই শিবির। লোকসভা নির্বাচনের মতো সঠিক আসন বণ্টনই ২০২৭-এর বিধানসভায় সাফল্যের প্রধান কারিগত হতে পারে বলে মনে করছে দুই শিবির। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার পাশাপাশি কিছু আসনে সপা নেতারা কংগ্রেসের টিকিটে লড়তে পারেন।
Source: Sangbad Pratidin India (Bengali)
