রোগীদের স্বাস্থ্যবিধি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনও খামতি নয়। আর তা নিশ্চিত করতে জারি হল নয়া নির্দেশিকা। প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরের ভেতরের ইন্ডোর পেশেন্ট ডিপার্টমেন্ট এবং আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টে হকার, বিক্রেতা, দোকানদার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতালের জন্য স্বাস্থ্য দপ্তরের লিখিত নির্দেশ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি রক্ষা করতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে। এরপরেই মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। হকার প্রবেশের উপর কড়া নজর রাখা হচ্ছে।
অনেক সময় ছোঁয়াচে অসুখ নিয়েও রোগীরা আসেন ওপিডিতে। হকারদের অবাধ যাতায়াতে ক্রস কন্টামিশনের সম্ভাবনা থাকে।
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। যেখানে স্বাস্থ্য দপ্তরের তো বটেই, অন্যান্য প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জানা যায়, সেই সময়েই রোগীর পরিবারের অনেকেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, হাসপাতাল চত্ত্বর থেকে মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনা অহরহ। ওপিডি লাইনে অনেকেই রোগীর পরিবারের ভেক ধরে ঘুরে বেরান। রীতিমতো চিকিৎসা করাতে এসে হেনস্তার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ করেন তাদের আত্মীয়রা। এহেন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্যদপ্তর। এরপরেই এহেন নির্দেশিকা।
নয়া এই নির্দেশিকায় রোগীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তাকেও মান্যতা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ফি দিন হাসপাতালগুলির ওপিডিতে অসংখ্য রোগীর ভিড় হয়। এর মধ্যে হাসপাতাল চত্বরে হকারদের উপস্থিতিতে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। অনেক সময় ছোঁয়াচে অসুখ নিয়েও রোগীরা আসেন ওপিডিতে। হকারদের অবাধ যাতায়াতে ক্রস কন্টামিশনের সম্ভাবনা থাকে। এসব ঠেকাতেই নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
