Hashtagintro

ডায়াবেটিস না থাকলেও সুগার মাপছেন সোহা! আঙুলে সূচ ফোটানো ছাড়াই কীভাবে কাজ করে সিজিএম?

রক্তে শর্করার মাত্রা জানতে আর বারবার আঙুলে সূচ ফোটানোর প্রয়োজন নেই! শরীরে লাগানো ছোট্ট একটি যন্ত্রই জানিয়ে দিতে পারে কখন বাড়ছে বা কমছে সুগার। নাম কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর (সিজিএম)।

সম্প্রতি এই যন্ত্র ব্যবহার করে চর্চায় অভিনেত্রী সোহা আলি খান। তাঁকে সিজিএম ব্যবহার করতে দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি তিনি ডায়াবেটিসে আক্রান্ত? অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই যন্ত্র ব্যবহার করার অর্থ ডায়াবেটিস থাকা নয়। বরং শরীরের গ্লুকোজের ওঠানামা সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রযুক্তির সাহায্য নেওয়া যায়।

খাবার, শরীরচর্চা, ঘুম কিংবা মানসিক চাপ, কোনটির প্রভাবে রক্তে শর্করার মাত্রা কীভাবে বদলাচ্ছে, তারও হদিশ মেলে। কিন্তু ঠিক কীভাবে কাজ করে সিজিএম? কারা ব্যবহার করবেন এই যন্ত্র? সুস্থ মানুষের কি আদৌ প্রয়োজন রয়েছে এর?

soha ali khan cgm blood sugar monitoring
সোহা আলি খান। ছবি: সংগৃহীত

কীভাবে কাজ করে সিজিএম?
কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর হল একটি ছোট ওয়্যারেবল যন্ত্র, যা দিন-রাত শরীরের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে। সাধারণ গ্লুকোমিটারে আঙুল সূচ ফুটিয়ে নির্দিষ্ট মুহূর্তে রক্তে শর্করার পরিমাণ মাপা হয়। কিন্তু সিজিএম-এ একবার সেন্সর লাগালেই নির্দিষ্ট সময় অন্তর গ্লুকোজের মাত্রার পরিবর্তন জানা যায়।

ত্বকের ঠিক নীচে একটি সূক্ষ্ম ফিলামেন্ট বসানো থাকে। সেটি রক্তে নয়, শরীরের কোষের চারপাশে থাকা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা কোষমধ্যবর্তী তরলে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে। সাধারণত বাহু বা পেটে এই সেন্সর লাগানো হয়। সেখান থেকে কয়েক মিনিট অন্তর তথ্য পৌঁছে যায় স্মার্টফোন বা নির্দিষ্ট রিসিভারে।

সুগারের ওঠানামায় নজর
এই যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল, শুধু একটি নির্দিষ্ট সময়ের সুগারের মাত্রা নয়, সারাদিনে তার ওঠানামার ছবিও পাওয়া যায়। খাবার খাওয়ার পর শর্করা কতটা বাড়ছে, শরীরচর্চায় তার মাত্রা কীভাবে বদলাচ্ছে, এমনকী ঘুমের মধ্যে সুগার কমে যাচ্ছে কি না, সবই নজরে রাখা সম্ভব। কিছু সিজিএম-এ নির্দিষ্ট সীমার বাইরে গ্লুকোজের মাত্রা চলে গেলে সতর্কবার্তাও পাওয়া যায়।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগী ও চিকিৎসককে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই প্রযুক্তি। এর মাধ্যমে জানা যায় ‘টাইম ইন রেঞ্জ’ (টিআইআর)। অর্থাৎ, দিনের কতটা সময় রক্তে শর্করার মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে থাকছে।

soha ali khan cgm blood sugar monitoring
কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর (সিজিএম)। ছবি: সংগৃহীত

কারা ব্যবহার করবেন?
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত, ইনসুলিন ব্যবহারকারী টাইপ-২ ডায়াবেটিসের রোগী, বারবার সুগার কমে যাওয়ার সমস্যায় ভোগা বা যাঁদের রক্তে শর্করার মাত্রা সহজে নিয়ন্ত্রণে আসছে না, তাঁদের ক্ষেত্রে সিজিএম বিশেষ উপকারী।

সাধারণ গ্লুকোমিটারে নির্দিষ্ট সময়ের রিডিং পাওয়া গেলেও সিজিএম-এর সাহায্যে সুগারের পরিবর্তনের ধরন বোঝা যায়। বিশেষত রাতে ঘুমের মধ্যে সুগার কমে যাওয়া বা খাবারের পর হঠাৎ শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয়গুলি চিহ্নিত করা সম্ভব।

সুস্থদেরও কি প্রয়োজন?
ডায়াবেটিস না থাকলেও ইদানীং অনেকেই সিজিএম ব্যবহার করছেন। উদ্দেশ্য, কোন খাবার শরীরে কী প্রভাব ফেলছে, শরীরচর্চা বা ঘুমের সঙ্গে গ্লুকোজের ওঠানামার সম্পর্ক কী, তা বোঝা। কিন্তু চিকিৎসকদের মতে, সবার জন্য এই যন্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। খাবারের পর রক্তে শর্করার মাত্রা কিছুটা বেড়ে যাওয়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সাময়িক কোনও স্পাইক দেখেই ডায়াবেটিস বা বিপাকীয় গোলমালের আশঙ্কা করা ঠিক নয়।

চিকিৎসকদের কথায়, সিজিএম-এর সেন্সর রিডিং কখনওই পরীক্ষাগারে করা রক্তপরীক্ষার বিকল্প নয়। অস্বাভাবিক রিডিং পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে।

soha ali khan cgm blood sugar monitoring
আঙুলে সূচ ফোটানোর দিন শেষ! ছবি: সংগৃহীত

পুরোপুরি ঝুঁকিমুক্ত?
সাধারণভাবে নিরাপদ হলেও সিজিএম ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেন্সর লাগানোর জায়গায় ত্বকে জ্বালা, চুলকানি বা অ্যালার্জি হতে পারে। তা ছাড়া এই যন্ত্র সরাসরি রক্তে গ্লুকোজের মাত্রা মাপে না। কোষমধ্যবর্তী তরলের গ্লুকোজ পরিমাপ করে বলে রক্তে শর্করার পরিবর্তনের তুলনায় রিডিং আসতে কিছুটা সময় লাগতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিটি ওঠানামার ব্যাখ্যা করতে গেলেও অযথা উদ্বেগ বাড়তে পারে।

তাই সিজিএম ব্যবহার করলেই যে শরীরের প্রতিটি সমস্যার হদিশ মিলবে, এমনটা নয়। এটি রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণের একটি উপায়, চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই প্রযুক্তি নিয়ন্ত্রণের পথ সহজ করতে পারে। তবে সুস্থ মানুষের শুধুমাত্র কৌতূহল মেটাতে সিজিএম ব্যবহার করা জরুরি নয়।

Source: Sangbad Pratidin Health (Bengali)

Read full article on Sangbad Pratidin Health (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language