নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর বিজয় রথ ছুটে চলেছে। রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশের অভিনয়ে মুগ্ধ আমজনতা। এই ছবি যে দর্শকমনে ঝড় তুলবে সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু বক্স অফিস কালেকশনের বিপুল অঙ্ক যেন সেই প্রত্যাশাকেও দশ গোল দিয়েছে। ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো ব্লকবাস্টারগুলির বিশ্বব্যাপী লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’কেও শীঘ্রই টেক্কা দেবে। সিনেমার সাফল্যের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী সেই সময় প্রযোজনা সংস্থার চমকপ্রদ ঘোষণা।
বিরাট ছাড় সিনেমার টিকিটে। একশো টাকার কমে পাওয়া যাবে ‘রামায়ণ’-এর টিকিট। মঙ্গলবার মাত্র ৯৯ টাকা থেকেই পাওয়া যাচ্ছে ‘রামায়ণ’-এর টিকিট। দর্শকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করেছেন ছবির নির্মাতারা। সিনেমার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ওয়ার্ল্ড অফ রামায়ণ’-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। নতুন পোস্টার শেয়ার করে কম খরচে সিনেমা দেখতে উৎসাহিত করেছেন নির্মাতারা। সংশ্লিষ্ট পোস্টে লেখা, ‘এই মঙ্গলবার বড় পর্দায় উপভোগ করুন ‘রামায়ণ’। টিকিটের দাম শুরু মাত্র ৯৯ টাকা থেকে। সবাইকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা।’
সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর তা বলার অপেক্ষাই রাখছে না। মঙ্গলবারের এই বিশেষ অফারের ফলে আরও বেশি দর্শক হলমুখী হবেন বলে আশাবাদী ‘রামায়ণ’-এর নির্মাতারা। ‘রামায়ণ’-এর হিন্দি সংস্করণে ইতিমধ্যেই সাতশো কোটি টাকার নেট কালেকশনের গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়েছে। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় বর্তমানে ১,৭০৪.৬৫ কোটি টাকা।
View this post on Instagram
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’-কে টেক্কা দিয়ে এখন পর্যন্ত ৭০ কোটিতে এগিয়ে ‘রামায়ণ’। অন্যদিকে, ভারতের বক্স অফিসে ‘অ্যানিম্যাল’-এর আয়কে ছাপিয়ে রণবীর কাপুরের কেরিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবির তকমা পেয়েছে ‘রামায়ণ’। মঙ্গলবারের ৯৯ টাকার বিশেষ টিকিট বক্স অফিসে ছবির আয়ের গ্রাফকে আরও কতটা উপরে নিয়ে যায় সেটাই দেখার।
