Hashtagintro

অবসর ভেঙে পর্তুগালের জার্সিতে নামবেন রোনাল্ডো? গুয়ার্দিওলার মন্তব্য়ে বড়সড় ইঙ্গিত

‘লাস্ট ড্যান্সে’ নামছেন সিআর সেভেন? আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার নজির গড়ে বুটজোড়া তুলে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অসাধারণ সব নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে। এমন এক কিংবদন্তির বিদায় কি না বিতর্কের আবর্তে! পর্তুগিজ মহাতারকাকে যথাযোগ্য সম্মানে বিদায় জানানোর পক্ষে সওয়াল করলেন পেপ গুয়ার্দিওলা। তাঁর মন্তব্যের পরেই এ বিষয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। 

আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার আগে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন তিনি। ইউরো জয় থেকে নেশনস লিগের ট্রফি– পর্তুগিজ ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন সিআর সেভেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকেছে তাঁর। তবে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্বটা খুব একটা মসৃণ ছিল না। গত অক্টোবরে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন রোনাল্ডো। কোচের সঙ্গে ঝামেলায় আচমকা পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ মাঠে নামাননি রোনাল্ডোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাঁকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় ফুটবলবিশ্বে। এরপর পর্তুগালের ফুটবল সংস্থা তাঁকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে। সেই শাস্তি মেনে নিয়েছিলেন রোনাল্ডো।

ফাইল ছবি।

বিতর্কিত শেষ পর্বের ছায়া যেন রোনাল্ডোর বর্ণময় কেরিয়ারে কোনও ছায়া না ফেলে, এমনটাই চান গুয়ার্দিওলা। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে গুয়ার্দিওলা বলেন, “ক্রিশ্চিয়ানোর বিদায় কখনও এভাবে হতে পারে না। পর্তুগাল জাতীয় দলেরও উচিত নয় ওকে এমন ভাবে বিদায় জানানো।” তাঁর মতে, পর্তুগালের ফুটবল ইতিহাসে রোনাল্ডোর প্রভাব অনেক গভীর। আগামী প্রজন্মের ফুটবলারদের কাছেও তাঁর বিদায়ের ধরনও গুরুত্বপূর্ণ। গুয়ার্দিওলার কথায়, “ক্রিশ্চিয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। বিষয়টি শুধু ও এবং পর্তুগালের মধ্যেই সীমাবদ্ধ নয়। পর্তুগালের আগামী প্রজন্মের ফুটবলারদের কাছেও এর গুরুত্ব রয়েছে। তাঁদের বোঝা দরকার, ক্রিশ্চিয়ানোকে তাঁর প্রাপ্য মর্যাদা দিয়েই বিদায় জানানো উচিত।” 

তিনি আরও বলেন, “কিছু ফুটবলার সত্যিই ব্যতিক্রমী। ক্রিশ্চিয়ানো তাঁদেরই একজন। এই মতবিরোধের অবসান হওয়া প্রয়োজন। কীভাবে তা সম্ভব, সেটা আমার বিষয় নয়। তবে ফুটবলের জন্য ও যা করেছে, তাতে ওর কেরিয়ারের শেষ অধ্যায়টা আরও সুন্দর হওয়া উচিত।” রোনাল্ডোর জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করার পক্ষেও সওয়াল করেছেন গুয়ার্দিওলা। পর্তুগালের উচিত যাবতীয় ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া। গুয়ার্দিওলার কথায়, “নিশ্চয়ই ওর জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা উচিত। ওকে জানানো দরকার, ফুটবলে ওর অবদান সবাই শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছে। এই সম্মান ওর প্রাপ্য। তা উদযাপন করুন। পর্তুগালেরই উচিত এ ব্যাপারে উদ্যোগী হওয়া। সাম্প্রতিক ঘটনাগুলি ভুলে ওকে যথাযোগ্য মর্যাদা দেওয়া প্রয়োজন।”

সিউউউ সেলিব্রেশন। ফাইল ছবি।

সেখানেই থামেননি স্প্যানিশ কোচ। তাঁর সংযোজন, “এক-দু’মাসের কোনও ঘটনা কিংবা দু’জনের মধ্যে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির নিরিখে একজনের গোটা কেরিয়ারকে বিচার করা যায় না। ওর কেরিয়ার দীর্ঘ এবং গৌরবময়। সেই অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া দরকার।” অর্থাৎ পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে কার্যত বিশেষ বার্তা দিয়েছেন ম্যানসিটির কোচ। গুয়ার্দিওলার মন্তব্যের পর জল্পনা, তাহলে কি ‘লাস্ট ড্যান্সে’ নামছেন রোনাল্ডো? যদিও পর্তুগাল ফুটবল ফেডারেশনের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language