Hashtagintro

ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভারতের জার্সিতে খেলতে চান? কলকাতায় এসে লিয়েন্ডারকন্যা বললেন…

বাবা ভারতীয় টেনিসের কিংবদন্তি। পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তিনি। ঝুলিতে রয়েছে অলিম্পিক পদকও। অথচ সেই লিয়েন্ডার পেজের কন্যা টেনিস কোর্টে নামছেন ব্রিটেনের খেলোয়াড় হিসাবে। তবে ভবিষ্যতে ভারতের জার্সি গায়ে চাপানোর ইচ্ছা রয়েছে তাঁর। কলকাতায় এসে সেই ইচ্ছার কথাই জানালেন লিয়েন্ডার ও অভিনেত্রী রিয়া পিল্লাইয়ের মেয়ে আয়ানা পেজ।

কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) কোর্টে গত কয়েক দিন ধরেই ২০ বছরের আয়ানাকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। এইচসিএল আইটিএফ ডব্লিউ১৫ কলকাতা প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়ে ভারতের আরজান খোরাকিওয়ালার সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নেমেছিলেন। এটাই ছিল ভারতীয় মাটিতে তাঁর প্রথম পেশাদার টেনিস প্রতিযোগিতা। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে এই জুটিকে। দক্ষিণ কোরিয়ার ওনিউ চোই এবং রাশিয়ার মারিয়া পাঙ্করাতোভার কাছে ১-৬, ২-৬ ব্যবধানে হারেন তাঁরা।

ছবি ইনস্টাগ্রাম।

হেরে গেলেও প্রতিভার ঝলক দেখিয়েছেন আয়ানা। একাধিক গেম গড়িয়েছে ডিউস পর্যন্ত। ম্যাচের পর তিনি বলেন, “আমরা ভালোই খেলেছি। অনেক গেম ডিউস পর্যন্ত গিয়েছে। তবে মোক্ষম সময়গুলোয় কিছুটা সমস্যা হয়েছে।” বাবার উপস্থিতিও যে তাঁর কাছে বড় প্রাপ্তি, তা জানাতে ভোলেননি লিয়েন্ডারকন্যা। আয়ানার কথায়, বাবা পাশে থাকলে অনেক সুবিধা হয়। তিনি আমার জন্য যা করেছেন, তার পাশাপাশি তাঁর কাছ থেকেও অনেক কিছু শিখি। বিশেষ করে ডাবলস খেলার সময় বাবাকে পাশে পেলে খুব ভালো লাগে।”

ব্রিটিশ নাগরিক আয়ানা গত তিন বছর ধরে বার্সেলোনায় প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানকার গোমেজ টেনিস অ্যাকাডেমিতে অনুশীলন করেন। ২০২৫ সাল থেকে পেশাদার টেনিসে পা রেখেছেন। পাশাপাশি অনলাইনে আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে বিজনেস স্টাডিস করছেন। তবে ভবিষ্যতে ভারতের হয়ে খেলার স্বপ্নও দেখেন। সেই সম্ভাবনা কতটা? আয়ানা বলেন, “আশা করি, আমরা একটা উপায় বার করতে পারব। ভারতের হয়ে খেলতে পারলে তো দারুণ লাগবে। সব কিছু ঠিকঠাক এগোলে অবশ্যই ভারতের হয়ে খেলতে চাই।”

ছবি ইনস্টাগ্রাম।

যদিও সেই পথ সহজ নয়। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যেমন রয়েছে, তেমনই রয়েছে দেশের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত সরকারি নীতি এবং খেলাধুলায় ওসিআই কার্ডধারীদের যোগ্যতার নিয়ম। ফলে আপাতত ব্রিটেনের খেলোয়াড় হিসাবেই কোর্টে নামতে হচ্ছে তাঁকে। মুম্বইয়ে শৈশব কাটালেও বাবার জন্মশহর কলকাতার সঙ্গে অবশ্য আয়ানার নাড়ির টান। তাঁর কথায়, “কলকাতা আমার সেকেন্ড হোম। এখানে খেলে খুব ভালো লাগল। আরজানের সঙ্গে খেলাটাও উপভোগ করেছি।”

আয়ানার আদর্শ নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকাই কেন? জানা গেল ‘জোকারে’র মানসিক দৃঢ়তা লিয়েন্ডারকন্যাকে আকৃষ্ট করে। তবে বাবাও তো কিংবদন্তি। সেই সুযোগও ছাড়েন না আয়না। লিয়েন্ডারের পরামর্শ নিয়ে কোর্টে নামেন। ম্যাচের ফল তো বটেই, কীভাবে আরও উন্নতি করা যায়, সেই বিষয়েও নজর রাখেন। স্পেনের মাটিতে প্রশিক্ষণ নিতে গিয়ে হার্ড কোর্টের পাশাপাশি ক্লে কোর্টের প্রতিও ভালোবাসা তৈরি হয়েছে তাঁর। এদিকে, কলকাতায় আয়ানার এই প্রতিযোগিতায় লিয়েন্ডারের উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ। বর্তমানে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। আবার সর্বভারতীয় টেনিস সংস্থার সহ-সভাপতি পদেও প্রার্থী হয়েছেন লিয়েন্ডার। ওই নির্বাচনে মহারাষ্ট্র স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত সুথারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা। ২৭ নভেম্বর হবে নির্বাচন।

ছবি ইনস্টাগ্রাম।

টেনিসের আর এক কিংবদন্তি মহেশ ভূপতির পরিবারেও পরের প্রজন্মের পদচারণা শুরু হয়েছে। মহেশ ও অভিনেত্রী লারা দত্তের মেয়ে সাইরা ভূপতি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর ফুজেইরা টেনিস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের সিঙ্গলস খেতাব জিতেছে। সবমিলিয়ে ভারতীয় টেনিসের দুই কিংবদন্তির পরিবারের পরবর্তী প্রজন্মের কোর্টে আসা নিয়ে আগ্রহ বাড়ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language