বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল বুধবার। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান। আত্মীয়দের ভিড়ে গমগম করছিল বাড়ি। বৌ-ভাতের প্রস্তুতি চলছিল। কিন্তু আনন্দে মুর্হূতে বদলে গেল বিষাদে। অজয় নদে স্নান করতে গিয়ে মৃত্যু হল কিশোর-কিশোরীর। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রসুই গ্রামে। শোকের ছায়া গোটা গ্রামে। ম্লান বৌ-ভাতের অনুষ্ঠান। বাতিল করা হয়েছে গ্রামের ফুটবল ম্যাচও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অঙ্কিত ঘোষ ও কিরণ ঘোষ। বয়স যথাক্রমে ১৫ ও ১৪ বছর। অঙ্কিত নবম শ্রেণির ছাত্র। কিরণ পড়ত সপ্তম শ্রেণিতে। অঙ্কিত পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রসুই গ্রামের বাসিন্দা ছিল। কিরণের বাড়ি দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামে। রসুই গ্রামের বাসিন্দা দেবরাজ ঘোষের মেয়ের বিয়েতে পরিবারের সঙ্গে এসেছিল তারা। এদিন দুপুরে পরিবারের প্রায় দশজন অজয় নদে স্নান করতে যান।
তাঁদের মধ্যে অঙ্কিত, কিরণ-সহ চারজন নদে নামতেই গভীর খাদে পড়ে তলিয়ে যেতে শুরু করে। বাকিদের তৎপরতায় দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু অঙ্কিত ও কিরণকে পাওয়া যায়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেলে তাদের উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অঙ্কিতের দাদা ইন্দ্রনীল ঘোষ বলেন, “প্রথমে অঙ্কিত ডুবে যাচ্ছিল। দেখে কিরণ ওকে বাঁচাতে ঝাঁপ দেয়। তারপরই সেও তলিয়ে যায়। আমি গামছা ফেলে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু পারিনি।”
দুই কিশোর-কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুই পরিবারে। ম্লান হয়ে গিয়েছে বৌ-ভাতের অনুষ্ঠান। বাতিল করা হয়েছে গ্রামের ফুটবল ম্যাচও। দুই বাচ্চার মৃত্যুতে অজয় নদে বেআইনি উপায়ে বালি উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, অতীতে অজয় নদে বেআইনি ভাবে বালি তোলার কারণে রসুই এলাকায় বিভিন্ন জায়গায় গভীর খাদ তৈরি হয়েছে। সেগুলিই কার্যত মরণফাঁদ হয়ে উঠেছে।
