শুক্রবার ফের রোহিত শর্মার হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিকেল ৫.৪৫ মিনিটে সোশাল মিডিয়ায় পোস্ট করে রোহিতের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে নেতৃত্ব বদলের এই ঘোষণার মধ্যেই চর্চায় জশপ্রীত বুমরাহর সিদ্ধান্ত। সহ-অধিনায়কের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন এই তারকা পেসার। আর তাতেই মুম্বই শিবিরের অন্দরমহলের পরিবেশ নিয়ে নানান জল্পনা।
২০২৪ সালের আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। সমর্থকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। মুম্বইয়ের হয়ে খেলতে নামলেই গ্যালারি থেকে তাঁকে বিদ্রূপ শুনতে হয়। পরিস্থিতি সামাল দিতে কয়েকবার দর্শকদের আচরণ নিয়েও সতর্ক করতে হয়েছিল সঞ্চালকদের।
এবার অবশ্য হার্দিককে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। নতুন কাউকে দায়িত্ব না দিয়ে ফের অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা রেখেছে তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরেই রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন মুম্বই কর্তারা। সেই সময়ই বুমরাহর কাছে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। সৌজন্য বজায় রেখেই দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছিলেন ভারতীয় দলের এই জোরে বোলার। তবে প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেননি তিনি।
মুম্বই শিবিরের অন্দরের খবর, নেতৃত্ব দেওয়ার ইচ্ছা রয়েছে বুমরাহর। যদিও সেই ইচ্ছার কথা কখনও সরাসরি কর্তাদের কিংবা ম্যানেজমেন্টকে মুখ ফুটে বলেননি তিনি। গত আইপিএলে একটি ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ৩২ বছরের পেসার। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে প্রথম বার মাঠে নামার সুযোগ পেয়ে বলেছিলেন, “আমি ভাবতে পারিনি যে মুম্বইয়ের অধিনায়ক হওয়ার আগে ভারতের টেস্ট অধিনায়ক হয়ে যাব।” তাঁর সেই মন্তব্যেই পরিষ্কার, মুম্বইয়ের নেতৃত্বের স্বপ্ন দীর্ঘদিনের।
তবে বুমরাহকে শুধু বোলার হিসাবেই দেখতে নারাজ মুম্বই কর্তারা। তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক এবং অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চান তাঁরা। সেই ভাবনা থেকেই রোহিতের ডেপুটি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বুমরাহ সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি মুম্বইয়ের অন্দরমহলে ফের বিতর্কের আঁচ? তা হলে আগামী মরশুমে রোহিতের সহকারী কে? এই দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। শেষ পর্যন্ত কাকে বেছে নেয় মুম্বই, এখন সেটাই দেখার। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে বলছেন, এক্ষেত্রে তিলকের সম্ভাবনা বেশি।
