ব্রাজিল ম্যাচের পরের দিন, অর্থাৎ রবিবার কলকাতায় বসার কথা ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। সেখানে জানা গেল ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ। তাছাড়াও রাজ্য ফুটবল সংস্থাগুলিকে কবের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়।
ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে কলকাতায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সব শীর্ষ কর্তা ও রাজ্য সংস্থার কর্তারা। সেই দিকে তাকিয়েই পরের দিন এই সভার আয়োজন। ২ সেপ্টেম্বর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ফেডারেশনের বর্তমান কমিটির। বিভিন্ন মহল থেকে নির্বাচনের জন্য চাপ বাড়ছে কল্যাণ চৌবেদের উপর। নিয়মমতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতেই হত এআইএফএফ-কে। কলকাতার কার্যকরী কমিটির বৈঠকে সকল সদস্যদের সামনে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হাউজে পাস করাতে হবে।
কিছুদিন আগেই ফেডারেশন নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ। তিনি দাবি করেছিলেন, যেহেতু বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে যেন এই কমিটির সদস্যরা কোনও আর্থিক চুক্তি না করতে পারেন।
নতুন ক্রীড়া প্রশাসন আইন মেনে ফেডারেশনের নতুন সংবিধান তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই। তারপরও কেন নির্বাচন নিয়ে তাপ-উত্তাপ দেখাচ্ছিলেন না বর্তমান ফেডারেশন কর্তারা, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাজাজ। রিট পিটিশনও করেছিলেন সেই দাবি নিয়ে। তারপরই দেখা গেল ফেডারেশন কর্তারা এই বিশেষ সাধারণ সভা ডেকেছিলেন। সেখানে ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণের সঙ্গে জানা গেল, ৪ নভেম্বরের মধ্যে রাজ্য ফুটবল সংস্থাগুলিকে নির্বাচন সম্পন্ন করতে হবে।
