ট্রেন চলাচল আরও নিরাপদ ও আধুনিক করতে বড় পদক্ষেপ দক্ষিণ-পূর্ব রেলের। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ইলেকট্রিক লোকো শেডে ইঞ্জিনে বসানো হচ্ছে অত্যাধুনিক ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি মালবাহী ইলেকট্রিক ইঞ্জিনে লাগানো হচ্ছে আরএফআইডি ট্যাগ। ইঞ্জিনে ‘কবচ’ ব্যবস্থা থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে স্বয়ংক্রিয় ব্রেক কষা, লাল সিগন্যাল অতিক্রম রোখা এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
পাশাপাশি কেবিনের ডিসপ্লের মাধ্যমে লোকো পাইলটকে সিগন্যাল সংক্রান্ত তথ্য দেওয়া হবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি ট্রেন চলাচল আরও নিরাপদ হবে। রেল সূত্রে খবর, ২৫ জুলাই থেকে ১ অক্টোবরের মধ্যে ১০টি ইঞ্জিনে ‘কবচ’ ব্যবস্থা চালু করা হয়েছে। আরও দু’টি ইঞ্জিনে বসানোর কাজ শেষ হয়েছে। সেগুলি শীঘ্রই চালু হবে। আরও দু’টি ইঞ্জিনে কাজ চলছে।
অন্যদিকে, খড়গপুর ইলেকট্রিক লোকো শেডই দক্ষিণ-পূর্ব রেলের প্রথম শেড, যেখানে সনাতনী মালবাহী ইলেকট্রিক ইঞ্জিনে আরএফআইডি ট্যাগ লাগানো হচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে ইঞ্জিনের অবস্থান ডিজিটাল মাধ্যমে নজরে রাখা যাবে। ইতিমধ্যেই দু’টি ইঞ্জিনে এই ট্যাগ বসানো হয়েছে। আরও তিনটি ইঞ্জিনে কাজ চলছে। রেল কর্তৃপক্ষের আশা, ‘কবচ’ ও আরএফআইডি-র মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারে ট্রেন চলাচলের নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থা আরও উন্নত হবে।
