৩৬ বছর বয়সে জাতীয় দলে কামব্যাক করেছেন ভুবনেশ্বর কুমার। এবার কি মহম্মদ শামির পালা? গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন। তারপরও টিম ইন্ডিয়ায় জায়গা হয়নি। কিছুদিন আগে সরে গিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। অবশেষে কামব্যাক নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি। কথা বললেন ভুবির প্রত্যাবর্তন নিয়েও।
রবিবার থেকে শুরু বাংলার রনজি অভিযান। কল্যাণী স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রতিপক্ষ দিল্লি। তার আগে উঠল জাতীয় দলে কামব্যাকের কথা। ২০২৫-র শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট পেয়েছিলেন। তারপরও বাদ পড়েন। আগরকরের বোর্ড একেকবার এক-এক কারণ দিয়েছেন তাঁকে বাদ দেওয়ার। অথচ উইকেট নেওয়া হোক বা ফিটনেস, শামি মাঠেই জবাব দিয়েছেন। এবার তিনি বললেন, “আমি যখনই সুযোগ পাব, তখন নিজের সেরাটা দেব।”
এতদিন সেটা করেও অজ্ঞাত কারণে সুযোগ হয়নি বাংলার পেসারের। তিনি বললেন, “গত দু’তিন বছর ধরে আমার সঙ্গে এটাই হয়ে চলেছে। আমি নিয়মিত পারফর্ম করেছি, নিজের ফিটনেস প্রমাণ করেছি।” পরিসংখ্যানও তাই বলছে। গতবার রনজি সেমিফাইনালে ৮ উইকেট তুলেছেন। মোট ৭ ম্যাচে তুলেছেন ৩৭টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে তুলেছেন ১৫টি উইকেট। সেই জায়গায় ঘরোয়া ক্রিকেটে ভুবনেশ্বরের পরিসংখ্যান তত উজ্জ্বল নয়। তিনি বরং আইপিএলে সফল হয়েছেন। মূলত সেই সূত্রেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
যা নিয়ে শামি বলছেন, “ভুবনেশ্বর ভারতীয় দলে ফিরেছেন, সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু ওর নির্বাচন নিয়ে আমার মাথাব্যথা নেই। যদি আমি ভারতীয় দলে খেলার সুযোগ না পাই, সেটা আমার ব্যর্থতা নয়।” কিছুদিন আগে মেয়াদ ফুরিয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকরের। তারপরই ফিরে এসেছেন ভুবনেশ্বর। এবার কি শামি ফিরবেন?
