সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির? তাঁদের ঘিরে চারিদিকে হাজারও ক্যামেরা। ফ্ল্যাশের ঝলকানি। পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয় থাকেন তারকারা। পাপারাজ্জিদের সংস্কৃতি নিয়েও মাঝেমধ্যেই মেজাজ হারান সেলেবরা। অভিনেত্রীদের পশ্চাৎদেশে আর বক্ষবিভাজিকায় বারবার ক্যামেরা তাক! সম্মতি ছাড়া অভিনেত্রীদের আপত্তিকর ছবি তোলার জন্য সাম্প্রতিক অতীতে পাপারাজ্জিদের ‘কান মুলে’ সভ্যতার পাঠ দিয়েছেন নেহা ধুপিয়া। দিন কয়েক আগে পশ্চাৎদেশে ক্যামেরা তাক করে পোজ দেওয়ার আবদারে নীতু কাপুর সরাসরি বলেছেন,’পিছন দিকটা এত পছন্দ!’ এবার অভিনেত্রীদের ঢাল হয়ে দাঁড়ালেন সলমন খান।
বিনা অনুমতিতে অভিনেত্রীদের ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভাইজানের। বিগ বসের ঘরে বিরাট ঘোষণা সলমনের। পাপারাজ্জিদের এহেন আচরণের বিরুদ্ধে সরব হওয়ার জন্য সলমনকে ধন্যবাদ জানিয়েছেন নেহা ধুপিয়া। এর আগেও সলমন সেলেব প্যাপেদের সতর্ক করেছিলেন কিন্তু, ভাইজানের কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। তাই এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুপারস্টার সলমনের। একই সঙ্গে আরও এক বিস্ফোরক দাবি করেছেন।

কিছু অভিনেত্রী পশ্চাৎদেশে ক্যামেরা ফোকাস করতে পাপারজ্জিদের টাকা দেন। সলমনের বক্তব্য, কারও ছবি তোলার আগে তাঁর ইচ্ছা-অনিচ্ছাকে সম্মান করা উচিত। অভিনেতার কথায়, কিছু তারকা এই ধরনের ছবিতে আপত্তি করেন না। কিন্তু অনেকেই স্পষ্টভাবে অসম্মতির কথা জানাচ্ছেন। তাই কারও ব্যক্তিগত সীমা লঙ্ঘন না করে ছবি তোলাটাই কাম্য। সলমন বলেন, “কিছু মহিলা এবং পুরুষও রয়েছেন যাঁরা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে আনেন। তাঁদের টাকা দেন এবং এই ধরনের ছবি তুলতে উসকানি দেয়। সেক্ষেত্রে ওঁদের কিছু করার নেই। কিন্তু, যাঁরা পছন্দ করছেন না তাঁদের গায়ে হাত দেবে না। পশ্চাৎদেশেও ক্যামেরা তাক করবেন না।”

বারবার সতর্কবার্তার পরেও বাড়ছে এই ধরনের ছবি তোলার প্রবণতা! তাই নেহার উদ্দেশে সলমনের স্পষ্ট কথা, “তোমরা মেয়েরা যখন এসে বলো, এটা করবে না, তারপরেও যদি ওরা সেটা করে তাহলে ওঁদের সঙ্গে কী করা উচিত সেটা দেখা হচ্ছে।” সলমনের কথায়, “আমি সেই সমস্ত মেয়েদের বলছি যাঁরা এধরনের ছবি পছন্দ করেন না, এই ঘটনা ঘটলে ঘুরে দাঁড়িয়ে সপাটে চড় মারবে।” পাপারাজ্জিদের উদ্দেশে সলমন বলেন, “এখন ওঁরা আরও বেশি করে এই কাজ শুরু করেছে। কিন্তু আমি এটা নিয়ে কড়া পদক্ষেপ নেব। ওঁরা ভাবছে এটা মজার ব্যাপার।”
