প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) স্বামী বিবেকানন্দকে অপমান করার অভিযোগ। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির। এই ঘটনায় বুধবার দুপুর থেকে কলেজ স্ট্রিট চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির অভিযোগ, এসএফআইয়ের সদস্যরা তাঁদের পোস্টারে অবমাননাকর শব্দ লিখে স্বামী বিবেকানন্দকে অপমান করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবিভিপি। এই ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
জানা গিয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এবিভিপির সদস্যদের লাগানো কয়েকটি পোস্টার বিকৃত করার অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। সেই পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল। বেশ কয়েকটি অশালীন শব্দও পোস্টারে লেখা হয়েছে। তার মধ্যে ‘ধর্ষক’ শব্দটিও রয়েছে। এছাড়াও বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে অশালীন শব্দ লেখা হয়েছে। এর বিরুদ্ধে বুধবার দুপুরে ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখায় এবিভিপি। দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা।
এবিভিপির সদস্যরা জানান, স্বামী বিবেকানন্দের অপমান মানে বাংলা ও বাঙালিকে অপমান করা। বাংলার মাটিতে বামপন্থীদের কোনও জায়গা নেই। আগামী দিনে এরকম কিছু ঘটলে এবিভিপি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই আবহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি কমিটি গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানান, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করে এবিভিপি। এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষা তদন্তের দাবি জানিয়েছে তারা। তাঁদের আরও দাবি, দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন ঘটনা যাতে আর না ঘটে তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছে এবিভিপি।
