Hashtagintro

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়, বড় নির্দেশ হাই কোর্টের

অঙ্গনওয়াড়ি কেন্দ্রও শিক্ষা প্রতিষ্ঠান। তাকে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। ফলে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থানান্তর করা যাবে না। এই সংক্রান্ত এক মামলায় নিম্ন আদালতের আগের রায় বহাল রেখে এমনই গুরুত্বপূর্ন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

জানা গিয়েছে, হুগলি জেলার সারাই তিনার গ্রাম পঞ্চায়েতের তিনার মৌজায় ভাড়া বাড়িতে একটি বিদেশি মদের দোকান চালাতেন মামলাকারী। পরে নিজের জমিতে দোকানটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের আবগারি দপ্তরের কাছে আবেদন জানান তিনি। যার কাছেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই আবেদন খারিজ করে দেয় দপ্তর। এরপরেই আদালতের দ্বারস্থ হন ওই দোকানের মালিক। আবেদনকারীর যুক্তি ছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সমতুল্য হিসেবে গণ্য করা যায় না। তাই ওই কেন্দ্রের উপস্থিতিকে মদের দোকান স্থানান্তরের ক্ষেত্রে বাধা হিসেবে দেখানো উচিত নয়। তবে আবেদনকারীর যুক্তিকে মান্যতা দেয়নি আদালত।

পর্যবেক্ষণে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংক্রান্ত আইন এবং সংশ্লিষ্ট বিধির পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় বিবেচনা করা যায়। ২০০৩ সালের পশ্চিমবঙ্গ আবগারি বিধির অষ্টম নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মদের দোকান স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আদালতের বক্তব্য, সেই বিধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থানান্তর করা যাবে না।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language