Hashtagintro

অনুশীলনের সুযোগটুকুও নেই! ঠাঁসা সূচি নিয়ে ঘুরিয়ে বিসিসিআইকে নিশানা স্যামসনের

শুধু ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। যেন দম ফেলার ফুরসৎটুকুও নেই। ভারতীয় ক্রিকেটের ঠাঁসা ক্রীড়াসূচি নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। এতদিন এই অভিযোগ করে আসছিলেন ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কেউ কেউ। এবার খোদ টিম ইন্ডিয়ার অন্দর থেকেই সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ্যে চলে এল। সরাসরি বোর্ডকে কাঠগড়ায় না তুললেও সঞ্জু স্যামসন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এত ঘন ঘন ক্রিকেটে মোটেই খুশি নন তাঁরা।

বেঙ্গালুরুতে বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর সম্প্রচারকারী সংস্থার তরফে যুজবেন্দ্র চাহালকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের উইকেটরক্ষক আক্ষেপের সুরে বলেন, পর পর ম্যাচ খেলতে হচ্ছে। সঠিকভাবে অনুশীলন করার সুযোগটুকুও মিলছে না। সঞ্জুর কথায়, “সত্যি বলতে, এখনকার দিনে যে ভাবে সূচি তৈরি হয় তাতে প্রস্তুতি বা অনুশীলনেরও বিশেষ সুযোগ থাকে না। তখনই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। মানসিক ভাবে ভাল জায়গায় থেকে হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই কাজে লাগাতে হয়।”

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই ভারতীয় দল উড়ে যাবে নিউজিল্যান্ড। মাত্র পাঁচদিনের ব্যবধানে ফের মাঠে নেমে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচে খেলার কথা সঞ্জুরও। কিন্তু এত দ্রুত ম্যাচ খেলা নিয়ে নাম না করে হলেও বোর্ডকে নিশানা করেছেন তিনি। স্যামসনের কথায়, “আমরা মাঝে মাত্র একটা দিন অনুশীলন করার সুযোগ পাব। ওখানে পৌঁছবে ২০ তারিখ। অনুশীলন ২১ তারিখ। তার পরের দিনেই ম্যাচ। ” এই সামান্য সময়ে যে মানিয়ে নিতে সমস্যা হয়, খেলতে নেমে পড়াটা সমস্যার হয়, সবটাই মানছেন সঞ্জু। তবে একই সঙ্গে তিনি বলছেন, “এই সময় অভিজ্ঞতা কাজে লাগে। অভিজ্ঞতা এবং পরিস্থিতির কথা মাথায় রেখে যেটা দরকার সেটাই করব।”

বস্তুত ভারতীয় দল প্রত্যাশিতভাবেই ঠাঁসা সূচিতে ব্যতিব্যস্ত। সদ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়েছে। এবার টিম ইন্ডিয়া উড়ে যাবে নিউজিল্যান্ডে। সেখানে টি-২০, টেস্ট ও ওয়ানডে তিন ফরম্যাটই খেলবেন সঞ্জুরা। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ। তারপর জিম্বাবোয়ে-অস্ট্রেলিয়া আসবে ভারতে। এত বেশি ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেটাররা যে হাফিয়ে উঠছেন, সেটা সঞ্জুর কথাতেই স্পষ্ট বোঝা গেল।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language