Hashtagintro

অন্নপূর্ণা ‘বিভ্রাটে’ এবার দলের নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিধায়ক অসীম সরকারের! বিতর্ক

নিজের দলের মণ্ডল সভাপতিদের তিনদিনের সময়সীমা দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এর মধ্যে যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে বিজেপির মণ্ডল সভাপতি, শক্তিপ্রমুখের বাড়ি ঘেরাও করার আহ্বান করলেন। এই বিষয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিও বার্তা সামনে আসতেই ফের বিতর্কে জড়ালেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই বিষয়টি নিয়ে রীতিমতো বিজেপির স্থানীয় স্তরেই গুঞ্জন ছড়িয়েছে।

রাজ্যে পালাবদলের পর শহর-গ্রামের সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিশ্রুতিমতো ৩ হাজার টাকা দিচ্ছে বিজেপি সরকার। অভিযোগ, অনেক জায়গাতেই সাধারণ মহিলারা আবেদন করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। যোগ্যরা এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। টাকা না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন সাধারণ মানুষ। গ্রামের অনেক বিডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হয়! নদিয়া জেলার একাধিক জায়গাতেও এমন ঘটনা নজরে এসেছে।

যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পৌঁছচ্ছে না? সেই বিষয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অসীম সরকার। সমস্যা সমাধানের জন্য বিধায়ক এলাকায় নিজের দলের মণ্ডল সভাপতি ও শক্তিপ্রমুখদের তিনদিনের সময়সীমা দিলেন বিধায়ক। যোগ্যরা টাকা না পেলে এবার বিজেপির মণ্ডল সভাপতি ও শক্তিপ্রমুখদেরই বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন বিধায়ক। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, তাঁদের এই বাড়ি ঘেরাও কর্মসূচিতে আহ্বানও করা হয়েছে।

ভিডিওবার্তায় বিধায়ক বলেন, তিন দিনের সময় বেঁধে দিচ্ছেন তিনি। এই সময়ের মধ্যে যোগ্য কোনও মহিলা অভিযোগ জানালে এবং তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পেলে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাদের বাড়ি ঘেরাও করার কথা বলেন অসীম সরকার। পাশাপাশি, আগেও একাধিকবার ভিডিওবার্তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এবার আর বিষয়টি শুনে চুপ করে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক। প্রয়োজনে তাঁর আপ্ত সহায়কের সঙ্গেও যোগাযোগ করার কথা জানান তিনি। ভিডিওবার্তায় আপ্ত সহায়কের মোবাইল ফোন নম্বরও দিয়েছেন বিধায়ক। ওই ভিডিওবার্তা তাঁর নিজেরই। সেই কথা জানিয়ে দিয়েছেন বিধায়ক অসীম সরকার।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language