অতীতে বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে দু’জনের অবস্থান ছিল বিপরীত মেরুতে। ভোট রাজনীতিতে একজন ছিলেন অন্যজনের প্রতিপক্ষ। সেই অতীতের বৈরিতা সরিয়ে একমঞ্চে পাশাপাশি দুই নেতা। শুধু তাই নয়, সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান নেতা তড়িৎবরণ তোপদার ও রাজ্যের মন্ত্রী, বিজেপি নেতা অর্জুন সিং একে অপরের ভূয়সী প্রশংসাও করলেন। শুক্রবার বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দু’জনকে।
মঞ্চে উঠেই তড়িৎবরণ তোপদার ও অর্জুন সিং একে অপরের প্রতি সৌজন্য বিনিময় করেন। অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অর্জুন সিং এই জায়গায় পৌঁছেছেন অর্জুন। সেই কথা বলেছেন সিপিএম নেতা তড়িৎ তোপদার। এদিকে শ্রদ্ধা জানিয়ে অর্জুন তড়িৎ তোপদারকে নিজের বারাকপুরের রাজনৈতিক অভিভাবক বলে উল্লেখ করেন অর্জুন। সিপিএম ও বিজেপি নেতাদের এই সৌজন্য শিল্পাঞ্চলের রাজনীতিতে এক নয়া জায়গা পেল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
অর্জুনের রাজনৈতিক উত্থান-পতনের প্রসঙ্গ স্মরণ করিয়ে তড়িৎবরণ বলেন, “অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আজ মন্ত্রিত্বের আসনে পৌঁছেছেন অর্জুন। রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সমস্ত বাধা অতিক্রম করে সফলভাবে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ দপ্তরও পেয়েছেন।” তিনি আরও বলেন, “একদিনে অর্জুন সিং হয়ে ওঠা সম্ভব নয়। তাঁর বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে দলবদল একটি স্বাভাবিক বিষয়। তবে অর্জুন যেভাবে নিজের রাজনৈতিক জায়গা তৈরি করেছেন, সাফল্য অর্জন করেছেন, তা উল্লেখযোগ্য। এই উত্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।”
অন্যদিকে, তড়িৎবরণ তোপদারকে রাজনৈতিক অভিভাবকের আসনে বসিয়েছেন অর্জুন সিং। তাঁর কথায়, “বারাকপুরের রাজনীতি, সামাজিক পরিস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে তড়িৎবাবুর মতো অভিজ্ঞ মানুষ খুব কমই আছেন। আমার বাবার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আমার সম্পর্কে বহু পুরনো কথাও এখনও তাঁর মনে রয়েছে। বারাকপুরকে তিনি যতটা চেনেন, ততটা আর কেউ চেনেন বলে মনে হয় না। আমিও তাঁর কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করি।”
প্রসঙ্গত, তড়িৎবরণ তোপদারকে বয়সজনিত কারণে সেভাবে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায় না। গত লোকসভা নির্বাচনে ভোটে লড়াই করেছিলেন অর্জুন সিং। সেবার তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে বিজেপি অর্জুনকে টিকিট দিয়েছিল। তখনও অর্জুন এই প্রবীণ সিপিএম নেতার আশীর্বাদ নিয়েছিলেন।
