অজিত আগরকরের উত্তরসূরির নাম ঘোষণা করে দিল বিসিসিআই। গত কয়েক দিন ধরে খবর ছড়াচ্ছিল, পছন্দের নির্বাচক খুঁজতে বোর্ড রীতিমতো হিমশিম খাচ্ছে। শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই নির্বাচক কমিটির প্রধান হিসাবে ঘোষণা করা হল প্রজ্ঞান ওঝার নাম। এছাড়াও নির্বাচক কমিটিতে জায়গা করে নিলেন প্রাক্তন ক্রিকেটার রমেশ পওয়ার। যদিও প্রজ্ঞানকে নির্বাচক প্রধান হিসাবে নিযুক্ত করা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
শোনা গিয়েছিল, পশ্চিমাঞ্চলের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন বোর্ডের কর্তারা। কিন্তু তাঁদের কেউই আগ্রহ দেখাননি। বোর্ডের নিয়ম অনুযায়ী, আগরকর পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হওয়ায় তাঁর জায়গায় সেই অঞ্চল থেকেই নতুন নির্বাচক নিয়োগ করতে হবে। সেই মতো আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল বিসিসিআই। কিন্তু বোর্ডের প্রত্যাশামতো কেউই আবেদন করেননি। এই সময়টা চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন প্রজ্ঞান। তাঁকেই নির্বাচক প্রধানের পদ দেওয়া হল শেষ পর্যন্ত।
নিয়ম অনুযায়ী, নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনিই চেয়ারম্যান হন। শোনা যাচ্ছে, নির্বাচকপ্রধান হতে চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। যেহেতু ভারতীয় দলের হয়ে ম্যাচ খেলার নিরিখে তিনি প্রজ্ঞানের থেকে এগিয়ে, তাই নির্বাচক প্রধান হওয়ার আশা করেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রধান হওয়া তো দূর, নির্বাচক কমিটিতেও জায়গা পাননি। ফলে বিতর্কের অবকাশ রয়েই যাচ্ছে।
অন্যদিকে, ভারতের মহিলা দলের কোচ হিসাবে বেশ সাফল্য পেয়েছেন রমেশ পওয়ার। এশিয়া কাপ, কমনওয়েলথ গেমসে রুপো- একাধিক সাফল্য এসেছে তাঁর কোচিংয়ে। দুই সদস্যের পরামর্শদাতা কমিটি একমত হয়ে পওয়ারের নাম সুপারিশ করেছিল। শেষ পর্যন্ত পওয়ারকেই নির্বাচক কমিটির সদস্য হিসাবে নিয়োগ করা হল। ইতিমধ্যেই রুদ্রপ্রতাপ সিং, শিবসুন্দর দাস ও অজয় রাত্রা ছিলেন নির্বাচক কমিটিতে। এবার সেখানে যুক্ত হলেন পওয়ার। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দল নির্বাচনের ভার থাকবে এই কমিটির হাতেই।