নিমন্ত্রিত প্রায় পাঁচ লক্ষ। বিদেশ থেকে এসেছে কেজি কেজি ফুল। সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুধু তাই নয়, উদযাপনের জন্য আনা হয়েছে ৫০০ রাউন্ড গুলিও। সবমিলিয়ে বিহারের ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের (Anant Singh) ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের ‘রাজকীয়’ আয়োজনকে কেন্দ্র করে নজর কেড়েছে। বুধবার বিয়ের আসর বসেছে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম পাটনার লাদমাতে।
বিলাসবহুল এই বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, প্রায় ১০ একর জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমন্ত্রিতের সংখ্যা প্রায় ৫ লক্ষ। তাঁদের জন্য প্রায় ১৫০ রকম পদেরও আয়োজন করা হয়েছে বলে খবর। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, থেকে গায়ক-অভিনেতারা। শুধু তাই নয়, পরিচিত পাকিস্তানিদেরও আমন্ত্রণ জানিয়েছেন বিহারের বিধায়ক। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা মূল আকর্ষণ। ঘোড়দৌড়ে জয়ীকে দেওয়া হবে মাহিন্দ্রা থার। বিয়ের আগেই এসইউভি-টির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ইতিমধ্য়েই ৫০টিরও বেশি ঘোড়া সেখানে পৌঁছে গিয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্য থেকে আসছেন প্রতিযোগীরা।
এমনিতে উত্তর ভারতের প্রায় সব উৎসব-অনুষ্ঠানেই গোলাপ জামুন অপরিহার্য। কিন্তু বিধায়কের মেয়ের বিয়েতে যে পরিমাণ গোলাপ জামুন তৈরি হয়েছে, তা দিয়ে অনায়াসেই এক-দুটি গ্রামকে খাইয়ে দেওয়া সম্ভব। অনন্তের মেয়ের বিয়েতে প্রায় ৫০ লক্ষ গোলাপ জামুন তৈরি করা হচ্ছে বলে খবর। বিয়েতে যেহেতু ভিভিআইপিরা আসবেন, সেকথা ভেবেই মহাসড়কের ঠিক পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও।
কিন্তু পাত্র কে? জানা গিয়েছে, শিবাঙ্গীর হবু স্বামীর নাম ঋষিকেশ কুমার। আমেরিকার আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। বিয়ের কার্ডে তাঁর নামের পাশাপাশি তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, কনেও উচ্চশিক্ষিত। শিবাঙ্গীর পড়াশোনা অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকের পর স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন শিবাঙ্গী। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঋষিকেশ গত ১০-১১ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে তিনি কর্মরত। জানা গিয়েছে, তিলক অনুষ্ঠানে ঋষিকেশ উপহার হিসাবে পেয়েছেন প্রায় ৩ কোটি টাকা মূল্যের একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি। এছাড়া উপহারের তালিকায় রয়েছে ১০০ গ্রাম ওজনের একটি সোনার চেইন এবং ৮০ গ্রাম ওজনের একটি সোনার ব্রেসলেট।
Source: Sangbad Pratidin India (Bengali)