Hashtagintro

আরও এক রাজ্যের পুর নির্বাচনে এনডিএ ঝড়, কংগ্রেস শূন্য! রাহুলকে ব্যালট মনে করাল বিজেপি

ত্রিপুরা, গুজরাটের পর এবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh Civic Polls)। আরও এক রাজ্যের স্থানীয় নির্বাচনে এনডিএ ঝড়। কার্যত ধুয়েমুছে সাফ বিরোধী শিবির। একেবারে ধুয়েমুছে সাফ কংগ্রেস। এমনকী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসও কোনওরকম প্রতিরোধ করতে পারেনি। ওই নির্বাচনের ফলাফল হাতিয়ার করে ফের কংগ্রেসকে তোপ বিজেপির। গেরুয়া শিবির মনে করাচ্ছে, এই স্থানীয় নির্বাচনও হয়েছে ব্যালট পেপারে।

অন্ধ্রে সদ্য পুরসভা নির্বাচন হয়েছে। মোট ১৩টি পুরনিরগমের মধ্যে ১২টি-তেই জিতেছে টিডিপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে ১০টি পুরনিগমের মেয়র পদে জিতেছে টিডিপি। পবন কল্যাণের জনসেনা পার্টি ২টি পুরনিগমের মেয়র পদ দখল করেছে। প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস মাত্র ১টি পুরনিগম দখল করেছে। ৮৭টি পুরসভার মধ্যে ৭৫টি গিয়েছে এনডিএর দখলে। বিরোধীরা এখানেও কার্যত শূন্য। সব মিলিয়ে ২ হাজার ৮৯৭টি ওয়ার্ডের মধ্যে টিডিপি জিতেছে ২৫৭১টি আসনে। যা মোট আসনের ৬৬ শতাংশ। ওয়াইএসআর কংগ্রেস মাত্র ৫৫০টি আসনে জিতেছে। জন সেনা পার্টি ৪৮৪টি আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ১৫৩ আসন। কংগ্রেস শূন্য।

অন্ধ্রের ওই ভোটের ফলাফল হাতিয়ার করে ফের রাহুল গান্ধীকে নিশানা করছে বিজেপি। দলের সর্বভারতীয় সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে কটাক্ষ করে রাহুলকে বলা হচ্ছে, এই পুর নির্বাচন তো ব্যালট পেপারে হয়েছে, এখানে কংগ্রেসের একী হাল! আসলে একসময় এই অন্ধ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু অন্ধ্র ভেঙে তেলেঙ্গানা তৈরি এবং রাজশেখর রেড্ডির প্রয়াণের পর সে রাজ্যে হাত শিবির যেন গণশত্রুতে পরিণত হয়েছে। তেলেঙ্গানা ভাঙার পর আর অন্ধ্রে মাথা তুলে দাঁড়াতে পারেনি কংগ্রেস। বিজেপিও সে রাজ্যে প্রান্তিক শক্তি। তবে বড় দলের সঙ্গে জোটে থাকার সুবাদে গুটি কয়েক আসন জিতেছে গেরুয়া শিবির। সেটাকেই এবার হাতিয়ার করছে বিজেপি।

অবশ্য অন্ধ্রে শাসক শিবিরের বড় জয় নতুন কিছু নয়। এর আগে ২০২১ পুর নির্বাচনে এই আসনগুলিতে ঠিক একইভাবে জয় পেয়েছিল তৎকালীন শাসকদল ওয়াইএসআর কংগ্রেস। তাছাড়া এবারের নির্বাচনেও প্রচুর বেনিয়ম, রিগিংয়ের অভিযোগ তুলেছে বিরোধীরা। তবে সেসবে পাত্তা দিতে নারাজ এনডিএ।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language