রাজ্যে ক্ষমতা বদলের আগে ফলতার শেষকথা ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাহাঙ্গির খান। বিজেপি ক্ষমতায় আসার পর ফলতা উপনির্বাচন থেকে সরে গিয়েছিলেন তিনি। পালিয়েও গিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত নেপাল সীমান্ত এলাকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গিরকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে জেলবন্দি ফলতার ‘পুষ্পা’। এদিকে তারই প্রাসাদপ্রম ভাঙতে শুরু করল পুলিশ-প্রশাসন।
ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের ওই প্রাসাদ বেআইনি বলে অভিযোগ উঠেছিল অনেক আগেই। কিন্তু তৃণমূল কংগ্রেস শাসনের কারণে সেই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হত না প্রশাসনিক তরফে। এবার রাজ্যে ক্ষমতা বদলের পরে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন সেই বাড়ি নিয়ে পদক্ষেপ করল। এদিন সকাল থেকেই ওই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। বিডিও সন্দীপ সিংহ রায় ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, ওই বাড়িটি ভেঙে ফেলার জন্য আগেই নোটিস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সাতদিনের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এই বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল। এদিন সকালে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা সেখানে পৌঁছন। প্রশাসনের তরফে বাড়ির ভিতরে থাকা মূল্যবান জিনিসপত্র, আসবাব বাইরে বার করে রাখা হয়। বেলা পর্যন্ত বাড়ি খালি করার কাজ চলে। এরপরেই সেই বাড়ি ভাঙার কাজ শুরু হবে বলে খবর।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে জাহাঙ্গিরের বাড়ি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। দোতলার বেশি উঁচু বাড়ি তৈরি করার জন্য জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু ওই বাড়ি নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে আদালতে মামলাও হয়েছিল। আদালত জাহাঙ্গিরের ওই বাড়ি ভাঙার অনুমোদন দেয়। এরপরেই প্রশাসনিক তরফে বাড়ি ভাঙার অনুমোদন দেওয়া হয়। এদিন সেই প্রক্রিয়া শুরু হল।
